অপহৃত ফরাসিকে আটক রাখার সময়সীমা বাড়িয়েছে তালেবানরা
অপহৃত এক ফরাসি ত্রাণকর্মীকে আটক রাখার সময়সীমা বাড়িয়েছে আফগানিস্তানের তালেবান জঙ্গিরা।
আফগানিস্তান থেকে ফরাসি সেনা প্রত্যাহার এবং কারাগারে থাকা তালেবান নেতাদের মুক্তির দাবি জানিয়ে শনিবারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের বিনিময়ে তাকে মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্ত রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার আগে তাকে মুক্তি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন এক তালেবান মুখপাত্র ক্বারি মোহাম্মদ ইউসুফ।
ইউসুফ আরও জানান, তালেবানদের দাবিগুলো থেকে কমপক্ষে একটি দাবি মানলে এরিক নামে পরিচিত ফরাসি নাগরিক এবং তার তিন আফগান সহকর্মীকে মুক্তি দেওয়া হবে।
অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রয়টার্সকে ইউসুফ বলেন, তালেবান নেতৃত্ব পরিষদ করুণার নিদর্শন হিসেবে সময়সীমা বাড়িয়েছে। যদিও ত্রাণকর্মীদের মুক্তির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি।
তালেবানদের কোনো শর্ত মানা না হলে তারা কী করবেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ব্যাপরে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা তাকে হত্যা করতে পারি।”
তালেবানরা গত মাসে ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী নিমরোজ প্রদেশ থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আফগান শিশুদের সাহায্যে কর্তব্যরত প্রতিষ্ঠান তেরে ডি’এনফ্যান্সের দুই ফরাসি ত্রাণকর্মী ও তিন আফগান কর্মীকে অপহরণ করে।
তাদের মধ্য থেকে সেলিন নামের এক ফরাসি নারীকে গত মাসের শেষ দিকে মুক্তি দেওয়া হয়। তালেবানরা জানায়, মানবিকতা দেখাতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই জানান, ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাক বিষয়টিতে তার হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। অপহৃত ফরাসি নাগরিকের মুক্তির ব্যাপারে চেষ্টা চলছে বলেও তিনি জানান।
