২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১১৫ আরোহী নিয়ে নিখোঁজ কেনীয় বিমান

একশ পনের জন আরোহী নিয়ে কেনিয়া এয়ারওয়েজের একটি বিমান নিখোঁজ হয়েছে বলে বিমানটির পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 May 2007, 02:26 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

বিমানটি ক্যামেরুনের দউয়ালা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর এর সঙ্গে নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে কেনিয়া এয়ারওয়েজ শনিবার জানায়।

কেনিয়া এয়ারওয়েজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তিতুস নেইকুনি জানান, ৭৩৭-৮০০ ফ্লাইটটিতে ১০৬ জন যাত্রী এবং নয়জন ক্রু রয়েছেন।

এক সংবাদ সম্মেলনে নেইকুনি বলেন, “বিমানটির কী হয়েছে সে সম্পর্কে এই মুহূর্তে আমাদের কাছে বিস্তারিত কোনো তথ্য নেই।”

এর আগে কেনিয়া এয়ারওয়েজ জানায়, উড্ডয়নের পরপরই বিমানটি থেকে সর্বশেষ বার্তা পায় দউয়ালার বিমান যোগাযোগ নিয়ন্ত্রণ কেন্দ্র। স্থানীয় সময় সকাল সোয়া ৬টায় (০৩১৫ জিএমটি) কেনিয়ার রাজধানীতে বিমানটির অবতরণের কথা ছিল।

প্রতিষ্ঠানটি আরও জানায়, ঘটনাটি পর্যবেক্ষণের জন্য স্থানীয় একটি হোটেলে তারা একটি দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এবং বিমানটির যাত্রী সংক্রান্ত একটি তথ্য সরবরাহ কেন্দ্র প্রতিষ্ঠা করেছে।

বিমানটি আইভোরি কোস্টের আবিদজান থেকে ক্যামেরুনে অবতরণ করেছিল বলে নেইকুনি জানান।

উল্লেখ্য, ২০০০ সালের ৩০ জানুয়ারি কেনিয়া এয়ারওয়েজের এয়ারবাস এ-৩১০ আবিদজান থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই সাগরে বিধ্বস্ত হয়। তাতে মারা যান ১৬৯ জন, যেখানে ক্রু ও যাত্রীসহ বিমানের আরোহী ছিলেন ১৭৯ জন।