বিশ্ব উষ্ণায়ন রোধে খরচ পড়বে সামান্যই: জাতিসংঘ
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্ব উষ্ণায়ন রোধে আগামী ৫০ বছরের মধ্যেই গ্রীণহাউস গ্যাস নির্গমণ দ্রুতহারে কমিয়ে আনা প্রয়োজন।
আর এই গ্যাস নির্গমণ হ্রাসে যে খরচ পড়বে তা বিশ্বকে ভয়াবহ পরিণতির ঝুঁকি থেকে বাঁচানোর তুলনায় অতি সামান্য। জলবায়ু পরিবর্তনের ওপর জাতিসংঘের ‘ইন্টারগভমেন্টাল প্যানেল’ (আইপিপিসি) এর প্রকাশিত প্রতিবেদনে একথা বলা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বে তাপমাত্রা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে খরচ পড়বে কোনো দেশের বার্ষিক জিডিপি’র মাত্র শূণ্য দশমিক ১২ শতাংশ।
উষ্ণায়নের ক্ষতিকর প্রভাবে বিশ্বে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি কমানোর ক্ষেত্রে এই ব্যয় মোটেই বেশি নয় বলে মন্তব্য করেছেন জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বিল হেয়ার।
জলবায়ু পরিবর্তন বিষয়ক ব্যাংকক সম্মেলনে গ্রীণহাউস গ্যাস নির্গমণের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও এর খরচ নিয়ে ইইউ-চীন বিরোধে চলমান অচলবস্থার পরিপ্রেক্ষিতে হেয়ার এ মন্তব্য করলেন।
হেয়ার বলেন, “গ্রীণহাউস গ্যাস নির্গমণ হ্রাস করে বিশ্ব উষ্ণায়ন ২ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা অর্থনৈতিক এবং প্রযুক্তিগতভাবে অর্জন করা সম্ভব। আর এর খরচও পড়বে সামান্য।”
উষ্ণায়নের প্রভাবে বিশ্বকে ভবিষ্যতে নানা দুর্যোগ, দুর্বিপাক থেকে বাঁচাতে কার্বন ডাই অক্সাইড নির্গমণও ২০৫০ সালের মধ্যে ৫০ থেকে ৫৮ শতাংশ কমিয়ে আনা দরকার বলে মনে করছেন বিজ্ঞানীরা।
প্রযুক্তিগত উন্নয়ন এবং বিশেষত জ্বালানি কার্যকরভাবে উৎপাদন ও ব্যবহারের ফলে এই লক্ষ্য অর্জন করা অসম্ভব নয় বলেই বিজ্ঞানীদের ধারণা।
