মুশাররফ সেনাপ্রধানের পদ ছাড়লে রাজনৈতিক চুক্তি হবে: বেনজির
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সঙ্গে রাজনৈতিক চুক্তিতে পৌঁছতে পারেন বলে জানিয়েছেন নির্বাসিত সাবেক পাক-প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
তবে তিনি বলেন, তার আগে পাকিস্তানে সত্যিকারের গণতন্ত্র ফেরাতে সেনাপ্রধানের পদ থেকে মুশারফের পদত্যাগ করা উচিত। এ বছরের শেষে পাকিস্তানে সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে মুশাররফের সঙ্গে রাজনৈতিক বোঝাপড়ার ওই ইঙ্গিত দিয়ে শুক্রবার দুবাইয়ে এক সাক্ষাতকারে বেনজির একথা বলেন।
বেনজির বলেন, “ সামরিক উর্দি পরা একজন প্রেসিডেন্ট এবং গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। আমরা চাই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক।” বেনজিরের সাক্ষাতকারটি পাকিনস্তানের টিভি চ্যানেলগুলো প্রচার করে।
মুশাররফের সঙ্গে বেনজিরের ক্ষমতা ভাগাভাগি চুক্তি নিয়ে সাম্প্রতিক সময়ে পাকিস্তানে জোর গুঞ্জন চলছে। এর আগে এ নিয়ে কেউ মুখ না খুললেও এবার দুবাইয়ে বেনজির বিষয়টি স্বীকার করলেন।
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, “আমরা বোঝাপড়ার বিষয়টি স্বীকার করছি, কারণ আমরা স্বচ্ছ থাকতে চাই। তবে আমরা বলছি না যে কোনো চুক্তি হয়েছে।”
বেনজির বলেন, “আগের আলাপ-আলোচনায় কোনো সিদ্ধান্তে আসা না গেলেও এবার হয়ত একটি চুক্তি হতে পারে, আবার কোনো চুক্তি নাও হতে পারে।”
তবে এ ধরনের কোনো চুক্তির আগে ২০০৭ সালের মধ্যে অবশ্যই মুশাররফকে সেনাপ্রধানের পদ ছাড়তে হবে বলেও জানান বেনজির।
সম্প্রতি প্রধান বিচারপতি বরখাস্ত ইস্যুতে প্রচণ্ড চাপের মধ্যে পড়েছেন মুশাররফ। আফগান সীমান্তবর্তী তালেবানপন্থী জঙ্গি দমন, বেলুচিস্তানের স্বায়ত্তশাসনের দাবীতে গোষ্ঠীপতিদের মোকাবেলাসহ কেন্দ্রীয় রাজনীতিতে ইসলামপন্থীদের চাপের সঙ্গে প্রধান বিচারপতি ইসুটিকে কেন্দ্র করে উদারপন্থীদের সঙ্গেও মারাত্মক বিরোধে জড়িয়ে পড়েছেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসময়ে বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন উদারপন্থী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে মিত্রতাই মুশাররফকে এ যাত্রা রক্ষা করতে পারে চতুর্মূখী চাপ থেকে ।
কিন্তু বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দেশে বিদেশে পাকিস্তান সরকারের নানা নিষেধাজ্ঞা থাকায় দেশে ফিরে দলকে নেতৃত্ব দিতে পারছেন না তিনি। তাই মোশাররফের সঙ্গে যে কোনো চুক্তির পূর্বশর্ত হিসেবে তার বিরুদ্ধে থাকা সব দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছেন বেনজির।
অবশ্য মুশাররফের সঙ্গে চুক্তিতে আসা বেনজিরের জন্যও সহজ নয়। কারণ পিপিপি’র অভ্যন্তরেই এর তীব্র বিরোধিতা রয়েছে। পিপিপির রাজনৈতিক মতাদর্শে একজন সামরিক শাসকের সঙ্গে মিত্রতা সম্ভব নয় বলে মনে করেন দলের একাংশ।
কিন্তু বেনজিরের ভয় আরও দীর্ঘ সময় দেশের বাইরে থাকতে হলে একসময় নিজের ক্ষমতার ভিত্তিই হারিয়ে ফেলবেন তিনি। তাই ঝুঁকি নিয়ে হলেও যতোদ্রুত সম্ভব দেশে ফিরে নির্বাচনে অংশ নিতে চান বেনজির।
