যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের জন্য চাপ দিচ্ছে ইরাক
মিসরের শারম আল শেখের আন্তর্জাতিক সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইসের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকির বৈঠকের জন্য চাপ দিচ্ছে বাগদাদ। পরিচয় প্রকাশে অনিচ্ছুক কূটনীতিবিদরা একথা জানিয়েছেন।
কিন্তু তারা এও জানান, ইরান রাইসের সঙ্গে একান্ত আলোচনায় বসার আগ্রহ দেখাচ্ছে না। যদিও বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের সময় রাইস এবং মোত্তাকি দুজনই শুভেচ্ছা বিনিময় করেছেন। মার্কিন কর্মকর্তাদের বর্ণনা মতে, সে শুভেচ্ছা বিনিময় আন্তরিকই ছিল।
মোত্তাকির সঙ্গে রাইসের সেই ক্ষণিকের সাক্ষাৎ এবং পরে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠককে ইরান ও সিরিয়া বিরোধী অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।
এর আগে ইরাকে সংঘাত নিরসনে ইরান ও সিরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে অনেকেই। যুক্তরাষ্ট্র প্রথমে তাতে কান না দিলেই পরে এ দুদেশের সঙ্গে আলোচনায় রাজি হয়।
ইরাকে প্রতিবেশী দেশ ইরানের শক্তিশালী প্রভাব রয়েছে। তাছাড়া ইরাকের শিয়া পরিচালিত সরকারের সঙ্গেও ইরানের সম্পৃক্ততা আছে। সে কারণেই শক্তিশালী এই নিয়ামক প্রতিবেশী দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকির সঙ্গে রাইসের বৈঠক করাতে আগ্রহী বাগদাদ।
ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার রাইস-মোত্তাকির বৈঠকের সম্ভাবনা নাকচ করেননি। তিনি সাংবাদিকদের বলেন, পরিস্থিতি যেদিকে এগোবে, আমরাও সেদিকেই এগোব। তবে তিনি এও বলেন, “আমাদের দিক থেকে ইরানের সঙ্গে আলোচনায় না বসারই কথা।”
বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের সময় রাইস ও মোত্তাকি শুভেচ্ছা বিনিময় করলেও নৈশভোজে তাদের মধ্যে দেখা হয়নি। মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র বলেছেন, ভোজসভায় রাইসের আগমনের সঙ্গে সঙ্গেই মোত্তাকি সম্মেলন কক্ষ ছেড়ে চলে যান। রাইসের সঙ্গে তার আর দেখা হয়নি।
মোত্তাকির সঙ্গে রাইসের বৈঠক হলে ১৯৭৯ সালের পর তা হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। এতোগুলো বছর ধরে ইরান কখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ দেখায়নি।
ইরাক গত তিন বছরে কয়েকবার ইরান সফর করে সীমান্ত নিরাপত্তা রক্ষায় সহযোগিতার অনেক প্রতিশ্রুতি পেয়েছে। কিন্তু সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ এবং অস্ত্র চোরাচালান এখনও বন্ধ হয়নি বলেই জানিয়েছে বাগদাদ।
সম্প্রতি ইরাকে ছড়িয়ে পড়া সহিংসতা ও গৃহযুদ্ধ থেকে বেরিয়ে আসতে ইরাক যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইরাকি জঙ্গিদের মদদদান এবং সহিংসতার বিস্তার ঘটানোর অভিযোগ করে আসছে। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে।
গত মাসে বাগদাদে সঙ্কট নিরসন নিয়ে নিম্নপর্যায়ের মার্কিন ও ইরানি কর্মকর্তারা সরাসরি বৈঠক করেছেন। উল্লেখ্য, ১৯৭৯ সালে ইরানের ছাত্ররা ৫২ জন মার্কিন নাগরিককে টানা ৪৪৪ দিন জিম্মি করে রাখার ঘটনাকে কেন্দ্র করে ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়।
