রাতে বন্ধ থাকবে শ্রীলঙ্কা বিমানবন্দর
শ্রীলঙ্কার অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর সিরিমাভো বন্দরনায়ক বিমানবন্দরের কার্যক্রম রাতে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
তামিল বিদ্রোহীদের হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কর্মকর্তারা জানান।
তামিল বিদ্রোহীরা গত রোববার ভোরের আগে রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত তেল স্থাপনাগুলোয় বিমান হামলা চালায়। এক মাসের মধ্যে এটা বিদ্রোহীদের এ ধরনের তৃতীয় হামলা। এর আগে বিদ্রোহীরা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত বিমানবাহিনীর একটি ঘাঁটিতে হামলা করেছিল।
বিমানবন্দরের কর্তব্যরত ব্যবস্থাপক রয়টার্সকে বলেন, “সৃষ্ট পরিস্থিতিতে বিমান পরিচালনা কর্তৃপক্ষ ও যাত্রীদের সমস্যার কথা ভেবে আগের দিন রাত সাড়ে ১০টা থেকে পরদিন ভোর সাড়ে ৪টা পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।”
তবে এ সিদ্ধান্ত কতোদিন কার্যকর থাকবে সে সম্পর্কে তিনি কিছু বলেননি।
নিরাপত্তার কারণে ইতিমধ্যে সিঙ্গাপুর ও মালয়েশিয়ান এয়ারলাইন্স এবং অন্য কয়েকটি এয়ারলাইন্স তাদের বিমান ওঠানামার কাজ দিনের আলোতে শেষ করার কাজ শুরু করেছে।
নিজেদের জন্য আলাদা একটি দেশের দাবিতে তামিল বিদ্রোহীরা দুই দশক ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। এ লড়াইয়ে ৬৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
