২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে রেডিও স্টেশনে হামলা, নিরাপত্তা প্রহরী নিহত

ইরাকের আল-জামিয়া শহরে বৃহস্পতিবার অস্ত্রধারী সন্ত্রাসীরা একটি রেডিও স্টেশনে হামলা চালিয়ে স্টেশনটির ব্যাপক ক্ষতি সাধন করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 May 2007, 01:15 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

দশবারোজন সন্ত্রাসীর একটি দল রেডিও স্টেশনটির এক নিরাপত্তা প্রহরীকে হত্যা করে এবং ভেতরে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটিয়ে সম্প্রচারের যাবতীয় যন্ত্রপাতি ধ্বংস করে দেয়।

যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম পর্যবেক্ষক ও সাংবাদিক অধিকার ফোরাম কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) শুক্রবার একথা জানায়।

দিজলা নামের ওই রেডিও স্টেশনটির ভারপ্রাপ্ত মহাপরিচালক করিম ইউসূফ জানান, স্থানীয় সময় আড়াইটার দিকে এ হামলাটি চালানো হয়। এ সময় অস্ত্রধারীদের হাত থেকে সাংবাদিকদের রক্ষা করতে গিয়ে আরও দুই নিরাপত্তা প্রহরীও গুলিবিদ্ধ হন।

তিনি আরও জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা স্টেশনটির প্রথম তলা অবরুদ্ধ করে বিস্ফোরণ ঘটিয়ে সম্প্রচারের যাবতীয় যন্ত্রপাতি ধ্বংস করে দেয়।

এর আগে সেখানে থাকা ২৫ জন কর্মকর্তা-কর্মচারী দ্বিতীয় তলায় আত্মগোপন করেন। তবে ইরাকী নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।

সিপিজে এর নির্বাহী পরিচালক জয়েল সিমন এক বিবৃতিতে বলেন, “ইরাকি সংবাদিকদের ওপর সন্ত্রাসীরা এ ধরনের হামলা প্রতিনিয়তই চালাচ্ছে। এ হামলায় ইরাকি সংবাদ মাধ্যমের হুমকির মুখে পড়ার বিষয়টি আবারও সামনে চলে এলো।”

করিম ইউসূফ জানান, ওই দিন এ ঘটনার আগে স্টেশনে আসার পথে চার কর্মকর্তাকে অপহরণ করারও চেষ্টা করেছিল সন্ত্রাসীরা।

তিনি বলেন, “আমরা কোনো রাজনৈতিক গোষ্ঠী বা সম্প্রদায়ের পক্ষ নিয়ে কথা বলি না। ইরাকিদের কণ্ঠই আমাদের কণ্ঠস্বর।”

তিনি সিপিজে কে বলেন, “স্টেশনটি রক্ষা করার জন্য বিগত সময়ে অনেকবারই আমরা তার সামনের রাস্তাটিতে নিরাপত্তারক্ষীদের দায়িত্ব দেওয়ার কথা বলেছিলাম। তবে দুঃখজনক হলেও সত্য এমনটি এখনও করা হয়নি।”

সিপিজে জানিয়েছে, বৃহস্পতিবারের হামলার আগেও বার কয়েক স্টেশনটির কর্মীরা হামলাকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন। মার্চ মাসে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তাকে অপহরণ করার পর থেকে তারা এখনও নিখোঁজ রয়েছেন। ডিসেম্বর মাসে মেরে ফেলা হয় এর অপর এক কর্মকর্তাকে। সেপ্টেম্বরে অপহরণ করা হয় এক সাবেক ব্রডকাস্টারকে।