কিউবায় বিমান ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, ১ জিম্মিকে হত্যা
কিউবায় একটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের ব্যর্থ চেষ্টার সময় এক জিম্মিকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সেনাবাহিনীর পলাতক দুই নবীন সদস্য বিমানটি ছিনতাই করে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু হাভানা বিমান বন্দরে বিমানটির উড্ডয়ন আটকে দেয় নিরাপত্তা বাহিনী। দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সরকার একথা জানিয়েছে।
ছিনতাইকারীরা দুটি একে-৪৭ রাইফেল নিয়ে যাত্রীবোঝাই একটি বাস ছিনতাই করে সবাইকে জিম্মি করে এয়ারপোর্টে নিয়ে যায়। হাভানা এয়ারপোর্টে শূন্য একটি যাত্রীবাহী বিমানে তোলা হয় জিম্মিদের।
ছিনতাই প্রতিহত করতে যেয়ে তাদের গুলিতে মারা যান জিম্মিদের একজন সেনাবাহিনীর এক নিরস্ত্র লেফটেন্যান্ট কর্নেল। পরে বিমানটির উড্ডয়ন ঠেকিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয় এবং বিমান থেকে সব জিম্মিদের নিরাপদে বের করে আনা হয়।
কিউবার এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, “কার্যকর ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ছিনতাইকারীদের পরিকল্পনা ভেস্তে দিতে এবং অন্যসব জিম্মিদের জীবন বাঁচাতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী।”
বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী ওই দুই নবীন সেনাসদস্য এর আগে রোববার দুটি একে-৪৭ রাইফেল নিয়ে সেনা ঘাঁটি থেকে পালিয়ে যায়। পালানোর সময় তাদের গুলিতে এক সহ সৈনিক নিহত এবং আরও একজন আহত হয়। সেদিন থেকেই পালিয়ে বেরাচ্ছিল ওই সেনারা।
এ ছিনতাই প্রচেষ্টা ও প্রাণহানির ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ি করে কিউবা বলেছে, “নতুন এসব হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কর্র্তৃপক্ষ দায়ি। গত অর্ধ শতক ধরে কিউবা যে বহু সংখ্যক সন্ত্রাসী ঘটনার শিকার হয়েছে এটা তারই ধারাবাহিকতা।”
কোনোমতে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারলেই কিউবানদের জন্য প্রায় নিশ্চিত আবাসিক মর্যাদার সুযোগসহ অন্যান্য তৎপরতার মাধ্যমে যুক্তরাষ্ট্র কিউবানদের দেশ থেকে পালানোর জন্য উৎসাহিত করে আসার কারণেই এসব ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেছে কিউবা।
কিউবাতে সশস্ত্র অপহরণের ঘটনা বিরল। ২০০৩ সালের মার্চ মাসে দুটি অভ্যন্তরীণ বিমান ছিনতাই করে যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার কি ওয়েস্টে নিয়ে যাওয়া হয়। পরের মাসেই একটি ফেরি ছিনতাই করে ফ্লোরিডা নিয়ে যাওয়ার চেষ্টার সময় তিন ছিনতাইকারীকে গুলি করে হত্যা করে নিরাপত্তা বাহিনী।
