২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ মুক্তির প্রতিশ্রুতি পেল ইরাক, সিরিয়ার সঙ্গে বৈঠক ও ইরানকে শুভেচ্ছা রাইসের

মিসরের শারম আল-শেখ এ আয়োজিত বৃহত্তম আন্তর্জাতিক সম্মেলনে বৃহস্পতিবার অংশগ্রহণকারীদের কাছ থেকে ঋণ মওকুফের প্রতিশ্রুতি পেয়েছে ইরাক।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 May 2007, 09:20 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

এদিকে, সম্মেলনের ফাঁকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মৌয়ালেমের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। গত দুবছরেরও বেশি সময় পর এটিই দু’দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মানৌচের মোত্তাকির সঙ্গে শুভেচ্ছাও বিনিময় করেছেন রাইস।

মধ্যাহ্ণভোজের সময় মোত্তাকির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেও তার সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা করেননি রাইস। এক মার্কিন মুখপাত্র একথা জানান। মোত্তাকির সঙ্গে রাইসের পরে আলোচনা হবে কিনা মুখপাত্র সে ব্যাপারে কিছু জানাননি।

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লোহিত সাগরের তীরবর্তী শারম আল-শেখ এ মিসরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আব্দুল গেইত আন্তর্জাতিক ইরাক সম্মেলনে মৌয়ালেমকে স্বাগত জানান।

দু’দিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিনে মিসরসহ পূর্ব ইউরোপের দেশগুলো ইরাকের সমস্ত ঋণ মওকুফ করে দিতে রাজি হয়েছে।

বাগদাদ সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রমের বিনিময়ে ইরাকের বিভিন্ন প্রতিষ্ঠানকে সমর্থন দিয়ে যাওয়ার আন্তর্জাতিক চুক্তির অংশ হিসাবে দেশগুলো ঋণ মওকুফ করতে সম্মত হয়।

আন্তর্জাতিক ওই চুক্তিতে জাতীয় সংহতির মধ্য দিয়ে ইরাকে স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে আনার ৫ বছর মেয়াদী পরিকল্পনা উল্লেখ আছে। সম্মেলনে অংশগ্রহণকারী মন্ত্রীরা এই চুক্তি বাস্তবায়নে নিবেদিতপ্রাণ থাকার অঙ্গীকার করেন।

২০০৩ সালে মার্কিন আগ্রাসনের পর থেকে সহিংসতা বিক্ষুব্ধ ইরাক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ সঙ্কট সমাধানের চেষ্টায় আয়োজন করা হয় মিসরের এই সম্মেলন।

ইরাক সঙ্কট সমাধানে ইরান এবং সিরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার পরমার্শ আগেই দিয়েছিলো অনেকেই। প্রথমে যুক্তরাষ্ট্র তা আমলে না নিলেও পরে এতে রাজি হয়।

ইরান ও সিরিয়া ইরাকের জঙ্গিদের মদদ দিচ্ছে-যুক্তরাষ্ট্রের এ অভিযোগ নিয়ে দু’দেশের সঙ্গেই ওয়াশিংটনের সম্পর্কের অবনতি ঘটে। এ পরিস্থিতিতে

মিসর সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ইরান ও সিরিয়ার সঙ্গে আলোচনায় বসবেন কিনা তা নিয়ে সংশয় ছিলো।

রাইস ইরানের সঙ্গে পুরোদস্তুর বৈঠকের সম্ভাবনা নাকচ করলেও বৈঠক এড়াবেন না বলে জানিয়েছিলেন। কিন্তু সিরিয়ার ব্যাপারে রাইস কি করবেন তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিলো। শেষ পর্যন্ত মৌয়ালেমের সঙ্গে আধঘন্টার বৈঠক করে রাইস সংশয় দূর করলেন।

এক মার্কিন কর্মকর্তা বলেছেন, রাইস লক্ষ্য ছিলো মূলত ইরাক-সিরিয়া সীমান্ত নিরাপত্তা নিয়েই কথা বলা, লেবাননের হারিরি হত্যা প্রসঙ্গ নিয়ে নয়।

যুক্তরাষ্ট্রের দাবি মেনে না নেয়ার জন্য দামেস্কর সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর রাইসের সঙ্গে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠককে বুশ প্রশাসনের নীতির বড় ধরনের পরিবর্তন বলেই মনে করা হচ্ছে।