ইরান চাপের কাছে মাথা নত করবে না: আহমাদিনেজাদ
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করলে ইরানের ওপর জাতিসংঘের তৃতীয় দফা অবরোধ আরোপের ব্যাপারে বুধবার বিশ্ব শক্তিগুলোর নতুন সতর্কবাণীর পরও এ কর্মসূচি চালিয়ে যাওয়ায় অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট আহমাদিনেজাদ।
নতুন হুমকির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার আহমাদিনেজাদ বলেন, ইরান আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করবে না।”
পশ্চিমা বিশ্বের সন্দেহ, পরমাণু অস্ত্র তৈরির জন্য ইরান এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
লন্ডনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য-যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চীন ও রাশিয়া এবং জার্মানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের পর ইরানের বিরুদ্ধে অবরোধের এ হুমকি দেওয়া হয়।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ছয় প্রধান শক্তি রাজনৈতিক দিকনির্দেশভিত্তিক পছন্দসই একটি সমাধানে পৌঁছেছেন। তবে ইরানকে রাজি করানোর জন্য প্রয়োজনে আরও পদক্ষেপ নেওয়া হবে।
এতে আরও বলা হয়, “সবাই সম্মত হয়েছেন যে আন্তর্জাতিক দাবি পূরণে ইরান ব্যর্থ হলে আরও পদক্ষেপ নিতে হবে নিরাপত্তা পরিষদকে।”
কিন্তু এ হুমকির তোয়াক্কা না করে কেরমান প্রদেশের জনসমাবেশে আহমাদিনেজাদ বলেন, “জাতিসংঘের মতো সংগঠনকে ব্যবহার করে ইরানকে পরমাণু প্রযুক্তি উন্নয়ন থেকে বিরত রাখা যাবে পশ্চিমারা একথা ভেবে থাকলে তারা ভুল করছে।” ইরানের রাষ্ট্রপরিচালিত টেলিভিশন আহমাদিনেজাদের এই বক্তব্য প্রচার করে।
আহমাদিনেজাদ আরও বলেন, “ইরান তাদের পরমাণু প্রযুক্তি উন্নয়নের অধিকার অক্ষুন্ন রাখবে।” ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানৌচের মোত্তাকি মিসরের শারম আল শেখ এ বৈঠকে ব্যস্ত থাকার সময়ই আহমাদিনেজাদ একথা বললেন।
এর আগে সমৃদ্ধকরণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারের জোরালো সমর্থন ব্যক্ত করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছিলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ব্যবহৃত সেন্ট্রিফিউজ ‘প্রচুর পরিমাণে উৎপাদনে’ সক্ষম তেহরান।
জোমোহুরি এসলাম পত্রিকাকে বেলায়েতি বলেন, “একটা সময় একটা সেন্ট্রিফিউজ উৎপাদন করাও ছিল ইরানের জন্য সমস্যা। কিন্তু এখন আমরা প্রচুর পরিমাণে সেন্ট্রিফিউজ উৎপাদনের প্রযুক্তি পেয়ে গেছি।”
ইরান প্রচুর পরিমাণে সেন্ট্রিফিউজ উৎপাদনে সক্ষম- খামেনির একজন ঊর্ধ্বতন সহযোগীর পক্ষ থেকে এ ধরনের বক্তব্য সম্ভবত এটাই প্রথম। প্রসঙ্গত, ইরানের পরমাণু ও অন্যান্য নীতির বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আলী খামেনির হাতে।
ইরান বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য, যাতে করে তারা তাদের তেল ও গ্যাস আরও বেশি রপ্তানি করতে পারে। আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে অস্বীকৃতি জানানোর জন্য ইরানের ওপর গত ডিসেম্বর থেকে দুই দফা অবরোধ আরোপ করা হয়েছে। প্রসঙ্গত, সমৃদ্ধ ইউরেনিয়াম বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি বা বোমা তৈরি উভয় কাজেই ব্যবহার করা যায়।
ইরানের মধ্যাঞ্চলীয় কেরমান প্রদেশে এক বিশাল জন সমাবেশে বুধবার তিনি বলেন, “বিশ্বের জানা উচিত যে ইরান ওইসব দেশের অন্তর্গত যাদের রয়েছে শিল্প পর্যায়ের (পরমাণু) জ্বালানি চক্র।”
ইরান গত মাসে ঘোষণা দেয়, শিল্প পর্যায়ে পরমাণু জ্বালানি উৎপাদনে সক্ষম তারা। এটা এমন একটা পর্যায় যা ইরানকে চাইলেই আণবিক অস্ত্র তৈরির কাছাকাছি নিয়ে যেতে পারবে। যদিও ইরানের ওই ঘোষণায় সন্দেহ প্রকাশ করেছেন পশ্চিমা বিশেষজ্ঞরা।
লন্ডনের বৈঠকে বিশ্বের প্রধান শক্তিগুলো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানা এবং ইরানের শীর্ষ পরমাণু আলোচক আলী লারিজানির মধ্যকার আলোচনা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। আগামী সপ্তাহে আবারও তাদের আলোচনায় বসার কথা রয়েছে।
