২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব উষ্ণায়ন নিয়ে জাতিসংঘ আলোচনায় ইইউ-চীন বিরোধ

ব্যাংককে জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের ইন্টারগভমেন্টাল প্যানেল ‘আইপিপিসি’র প্রতিবেদন নিয়ে সোমবার থেকে শুরু হওয়া ১শ’রও বেশি দেশের বিজ্ঞানী ও সরকারি কর্মকর্তাদের বৈঠকে অগ্রগতির আভাস পাওয়া গেলেও মূল বিষয়গুলোতে মতানৈক্য এখনও কাটেনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 May 2007, 04:11 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

সেইসঙ্গে গ্রীনহাউস গ্যাস নির্গমণ হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে চীন ও ইইউ এর বিরোধের কারণে আলোচনা যে কোনো মুহূর্তে ভেস্তে যাওয়া আশঙ্কা তৈরি হয়েছে। বৈঠকের প্রতিনিধিরা একথা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই প্রতিনিধি রয়টার্সকে জানান, জলবায়ু পরিবর্তন রোধে বৈঠকের আলোচনা চূড়ান্ত লক্ষ্যের দিকেই এগুচ্ছে এবং শুক্রবার অংশগ্রহণকারী দেশগুলো এ সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছবে। কিন্তু তারা আশঙ্কা ব্যক্ত করে এও বলেন, গ্রীণহাউস গ্যাস নির্গমণ হ্রাস এবং বাতাসে এই গ্যাসের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার খরচ নিয়ে দেশগুলোর মধ্যে মতভেদ বৈঠকে সবচে বিতর্কিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেকারণে বৈঠকের একেবারে শেষ মুহূর্তে এসেও আলোচনা ভেস্তে যেতে পারে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত টানা আলোচনার পর আরেকজন প্রতিনিধি জানান, “পরিস্থিতি ধ্বংসাত্মক কোনো কিছু ঘটার মতো নয়।” তবে তিনি বলেন, “কয়েকটি দেশ আলোচনায় জটিলতা সৃষ্টি করছে এবং চূড়ান্ত পর্যায়ে না পৌঁছা পর্যন্ত আমরা পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা বলতে পারছি না।”

অন্যান্য প্রতিনিধিরা জানান, “ এ মুহূর্তে বৈঠকে প্রকট হয়ে উঠেছে চীন এবং ইইউ এর বিরোধ। ইইউ ইতোমধ্যেই ২০২০ সাল নাগাদ গ্রীণহাউস গ্যাস নির্গমণ অন্ততপক্ষে ২০ শতাংশ হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ফেলেছে। কিন্তু চীন এর বিরোধীতা করছে। তাদের মতে, এই লক্ষ্যমাত্রা অর্জন করতে গেলে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রযুক্তির উন্নয়ন বাধাগ্রস্ত হবে। ”

উল্লেখ্য, আইপিপিসি’ এর আগে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব উষ্ণায়নের মারাত্মক প্রভাবের সতর্কবাণী দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বিভিন্ন দেশে খাদ্য সঙ্কট, খরা, তাপপ্রবাহ, বন্যা এবং সমুদ্রস্তর বেড়ে গিয়ে নানা দুর্যোগ ঘনিয়ে আসার সতর্কবাণী দেয়া হয়।

বিশ্বের সবচে জনবহুল দেশ চীনে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে মারাত্মক উন্নয়ন বিপর্যয় ঘনিয়ে আসার সতর্কবাণীও দেয়া হয়েছে আইপিপিসি’র প্রতিবেদনে। কিন্তু তারপরও চীন বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্রীণহাউস গ্যাস নির্গমণ হ্রাসে তড়িঘড়ি কোনো পদক্ষেপ নিতে রাজি নয়।