২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় দ কোরিয়া ও ফিলিপাইনের ১১ শ্রমিক অপহৃত

নাইজেরিয়ার একটি জ্বালানি উৎপাদন কেন্দ্র নির্মাণস্থলে কর্তব্যরত দক্ষিণ কোরিয়ার তিনজন এবং ফিলিপাইনের আটজন শ্রমিক অপহৃত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 May 2007, 12:56 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বৃহস্পতিবার এ খবর জানান।

দাইয়ু ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে অপহৃতরা তাদের শ্রমিক। তবে তাদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি বলে তিনি জানান।

কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় শূন্য থেকে ১টার মধ্যে নাইজার অববাহিকার পোর্ট হারকোর্টের কাছে অপহরণের ওই ঘটনা ঘটে।

নাইজার অববাহিকায় দাইয়ু কর্মকর্তাদের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়নহ্যাপ জানায়, নিরাপত্তা রক্ষী ও অজ্ঞাত পরিচয় অপহরণকারীদের মধ্যে ৪০ মিনিট ধরে বন্দুকযুদ্ধের পর তাদের অপহরণ করা হয়। ওই সময় বেশ কয়েকজন নিহত বা আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি নাইজার অববাহিকা এলাকায় সহিংসতা বৃদ্ধি পেয়েছে। আর এর পেছনে রয়েছে সেখানকার দারিদ্র, অরাজকতা ও দুর্নীতি এবং লাভজনক তেলচুরি বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াই।

বিস্তির্ণ জলাভূমিপূর্ণ এ এলাকার স্বায়ত্বশাসন দাবি করে আসছে বিদ্রোহীরা, যেখান থেকে উত্তোলন করা হয় নাইজেরিয়ার সব তেল।

গত বছরের জুন মাসে দক্ষিণ কোরিয়ার দাইয়ু কোম্পানির পাঁচ গ্যাস শ্রমিককে একই এলাকা থেকে অপহরণ করা হয়। তবে এরা ৪০ ঘণ্টা পর ছাড়া পান। ভারি অস্ত্রে সজ্জিত গেরিলারা তখন দাবি জানিয়েছিল, কারাগারে থাকা তাদের নেতা মুজাহিদ দোকুবো-আসারির মুক্তির।