ইরান, উ কোরিয়া পরমাণু বিরোধ মেটাতে জার্মানির নতুন প্রস্তাব
নিরপেক্ষ কোনো দেশে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্বাবধানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণ করে ইরান ও উত্তর কোরিয়ার পরমাণু বিরোধ মেটানোর নতুন প্রস্তাব দিয়েছে জার্মানি।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার মঙ্গলবার এ প্রস্তাব দেন। তার মতে, এ পন্থায় ইরান ও উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট আন্তর্জাতিক বিরোধ মেটানো সম্ভব।
দৈনিক হ্যান্ডেল্সব্লাতে লেখা এক নিবন্ধে স্টেইনমেয়ার বলেন, জার্মান সরকার ভিয়েনা-ভিত্তিক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কাছে এ প্রস্তাব দিয়েছে।
তিনি আরও বলেন, “এতে করে ইরান ও উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত থাকার কথা বলতে হবে না। কারণ প্রস্তাবটি এ সম্পর্কিত নয়। এটি বরং পারমাণবিক জ্বালানির বেসমারিক ব্যবহারই নিশ্চিত করবে। কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধ করে তা যে দেশগুলো গোপনে পরমাণু অস্ত্র তৈরির কাজে ব্যবহার করবে না সে নিশ্চয়তা কীভাবে পাওয়া যাবে?”
এ প্রসঙ্গে স্টেইনমেয়ার বলেন, “ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাটি একটি সর্বজনগ্রাহ্য স্থানে নির্মাণ করা যেতে পারে। আর যে দেশে এটি নির্মাণ করা হবে সেই দেশ সুনির্দিষ্ট কয়েকটি স্বার্বভৌম অধিকারের দাবি ছেড়ে দেবে। বিনিময়ে স্থাপনা নির্মাণ এলাকাটি নিউইয়র্কে জাতিসংঘের আসনের মতো অতিরাষ্ট্রিক মর্যাদা পাবে।”
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও শিল্পোন্নত দেশগুলোর সংগঠন গ্রুপ অব এইট (জি-৮) এর প্রেসিডেন্ট এখন জার্মানি। আর ইরানের পরমাণু পরিকল্পনা পর্যালোচনার জন্য বুধবার লন্ডনে ছয় বিশ্বশক্তির উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের প্রক্কালে আসল জার্মানির এ প্রস্তাব।
এদিকে, সোমবার ব্রিটেন জানিয়েছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক উপদেষ্টারা ইইউ কর্মকর্তাদের সঙ্গেও একটি বৈঠক করবেন।
অন্যদিকে, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অচলবস্থা নিরসনে ইরানের সঙ্গে সরাসরি কথা বলার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন ইইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানা।
প্রসঙ্গত, ইরান বলে আসছে, জ্বালানি উৎপাদনের জন্য পারমাণবিক প্রযুক্তি উন্নয়ন করছে তারা। কিন্তু পশ্চিমের সন্দেহ, পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান। আর পরমাণু জ্বালানির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে অস্বীকৃতি জানানোয় তেহরানের ওপর আরোপিত হয়েছে দুদফা জাতিসংঘ নিষেধাজ্ঞা।
