ওলমার্টের পদত্যাগ নিয়ে জল্পনা ইসরায়েলি গণমাধ্যমে
লেবানন যুদ্ধ পরিচালনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের ভূমিকার সমালোচনা করে তদন্ত প্রতিবেদন প্রকাশের পর তার পদত্যাগ নিয়ে জল্পনা-কল্পনা চলছে। ওলমার্টের পদত্যাগের অশনি সংকেত দিচ্ছে ইসরায়েলের গণমাধ্যমগুলো।
কয়েকটি পত্রপত্রিকা তাদের রিপোর্টে লিখেছে “ওলমার্টের গলায় দড়ির প্যাঁচ কষে বসছে।” গণমাধ্যমগুলো এমন একটি রাজনৈতিক প্রলয়ের আশঙ্কা করছে, যাতে করে ওলমার্টসহ প্রতিরক্ষামন্ত্রী আমির পেরেজও পদত্যাগ করতে বাধ্য হতে পারেন।
সাবেক বিচারপতি ইলিইয়াহু উইনোগার্ডের নেতৃত্বে সরকারের তদন্ত কমিটির প্রতিবেদনের কথা উল্লেখ করে দৈনিক ইয়েদিওত আহরনথ পত্রিকা বলেছে, “উইনোগার্ড প্রতিবেদনের মতো আর কোথাও সরকারের প্রধানমন্ত্রী সম্পর্কে এতো কড়া কথা বলা হয়নি।”
দৈনিক মারিভ বলেছে, “এই অপ্রিয় সত্য সম্পর্কে ওলমার্টের জণগন সচেতন আছে। এরকম একটি প্রতিবেদন প্রকাশের পর তিনি প্রধানমন্ত্রী থাকতে পারেন না।”
হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যর্থতার জন্য তোপের মুখে পড়ার পর ওলমার্ট যুদ্ধের ঘটনা তদন্তে ওই প্যানেল নিয়োগ দেন। গত বছর ৩৪ দিনের এই যুদ্ধে ১৩০০ মানুষ মারা গিয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের ব্যর্থতার জন্য ওলমার্ট, পেরেজ এবং সাবেক সেনাপ্রধান ডন হালুৎজই প্রাথমিকভাবে দায়ী। তবে তার বিকল্প হিসেবে কারও নাম সুপারিশ করা হয়নি। সেনাপ্রধান আগেই তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
হা’রেজ পত্রিকা বলেছে, “ওলমার্টের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রতিবেদনে তার বিরুদ্ধে কয়েকজন ব্যক্তিগতভাবে যে উপসংহার টেনেছে তাতে তিনি বিস্মিত।” পত্রিকাটি আরও বলছে, “প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে পদত্যাগ করানোর জন্যই কমিশনের কয়েকজন এই প্রতিবেদন দিয়েছে।”
তদন্ত প্যানেল বিভিন্ন রাজনৈতিক দুর্নীতি, অভিযোগ চিহ্নিত করার পরও ওলমার্ট বলছেন, তিনি পদত্যাগ করবেন না।
সোমবার এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, “পদত্যাগ করা ঠিক হবে না। তাছাড়া, এ ধরনের কোনো কিছু করার প্রবণতাও আমার নেই।”
