ব্রাউনের প্রশংসায় ব্লেয়ার, নতুন নেতৃত্বের জয়গান
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মঙ্গলবার অর্থমন্ত্রী গর্ডন ব্রাউনের প্রশংসা করে বলেছেন, “তিনি বড় মাপের নেতা হবেন।” একইসঙ্গে তিনি বলেন, “ব্রিটেনের নেতৃত্বে নতুন দলের আবির্ভবের এখনই উপযুক্ত সময়।”
মঙ্গলবার ব্রিটেনে প্রধানমন্ত্রীত্বের ১০ বছর পূর্তি উদযাপনকালে ব্লেয়ার বলেন, তিনি আগামী সপ্তাহেই একটি ঘোষণা দিয়ে তার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিয়ে দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটাবেন। ওই ঘোষণাতেই কবে পদত্যাগ করছেন তা জানাবেন ব্লেয়ার।
গুড মর্নিং টেলিভিশনে এ সম্পর্কে ব্লেয়ার বলেন, “আগামী সপ্তাহেই আমি আমার অবস্থান স্পষ্ট করে জানাব। ওই সময়ই আমি সুনির্দিষ্ট করে কিছু বলব।”
“প্রধানমন্ত্রীত্বের জন্য ১০ বছর খুবই দীর্ঘ সময়। এখন নেতৃত্বে নতুন দল আসাটাই ঠিক বলে আমি মনে করি।”
অর্থমন্ত্রী হিসাবে ব্রাউন এ পর্যন্ত কেমন করেছেন জিজ্ঞেস করা হলে ব্লেয়ার
বলেন, এক্ষেত্রে তিনি তাকে ১০ এ ১০ ই দেবেন। ব্লেয়ার আরও বলেন, “আমি বরাবরই বলে এসেছি, ব্রাউন বড় মাপের প্রধানমন্ত্রী হবেন এবং আমি তা বিশ্বাসও করি।”
ব্লেয়ার আর কয়েকদিনের মধ্যেই তার পদত্যাগের ঘোষণা দেবেন বলে মনে করা হচ্ছে। তার পদত্যাগের পরপরই লেবার পার্টির নেতা হওয়ার প্রতিযোগিতায় নামবেন ব্রাউন। তবে এ প্রতিযোগিতায় ব্রাউনই জয়ী হবেন এবং এভাবে অনায়েসেই তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হবেন-এটি একরকম নিশ্চিত।
