২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করলেন মুশাররফ-কারজাই

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই সোমবার সন্ত্রাস ও মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছেন। একইসঙ্গে তারা দু'দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নেও অঙ্গীকারাবদ্ধ হয়েছেন। তালেবান বিদ্রোহী তৎপরতা নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বিরাজমান বৈরি সম্পর্কের মধ্যেই এই অঙ্গীকার করলেন দু’নেতা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Apr 2007, 08:40 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

এক যৌথ বিবৃতিতে দু’নেতা বলেন, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় কিংবা প্রশিক্ষণ দেওয়া এবং তহবিল সরবরাহ রুখে দাঁড়াতে দুজনেই একমত। তাছাড়া, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একে অপরের দেশে সন্ত্রাসী কিংবা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে একযোগে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতেও তারা রাজি।

তুরস্কের রাজধানীতে প্রেসিডেন্ট আহমেত নেকদেত সেজার এবং প্রধানমন্ত্রী তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর ‘আঙ্কারা ঘোষণা’ শীর্ষক ওই যৌথ বিবৃতি দেন মুশাররফ ও কারজাই।

তালেবান বিদ্রোহী দমনে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ার জন্য পাকিস্তান ও আফগানিস্তান একে অপরকে দোষারোপ করে আসছে। তালেবানরা এ আবারও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ও আফগান সেনাদের ওপর হামলা জোরদার করেছে।

গত সেপ্টেম্বরের পর মুশাররফ ও কারজাইয়ের মধ্যে এটিই প্রথম বৈঠক। সেপ্টেম্বরে দুদেশের মধ্যকার উত্তেজনা প্রশমনের চেষ্টায় দু’নেতাকে আলোচনায় ডেকেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

১৯৯০ এর দশকে আফগানিস্তানের ক্ষমতা দখলে তালেবানদের সাহায্য করলেও তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে পাকিস্তান। কিন্তু আন্তঃসীমান্ত সন্ত্রাস ও তালেবান জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ইসলামাবাদ ও কাবুলের সম্পর্কে সৃষ্টি হয়েছে তিক্ততা। আফগান সীমান্তে প্রায় ৯০ হাজার সেনা মোতায়েনের পাশাপাশি কিছু এলাকায় সীমান্ত বেড়া নির্মাণও শুরু করেছে পাকিস্তান।

তাছাড়া, গত সপ্তায় প্রকাশিত এক সংবাদপত্র সাক্ষাৎকারে কারজাইয়ের বিরুদ্ধে সন্ত্রাস মোকাবিলায় দুর্বলতার অভিযোগ তোলেন মুশাররফ। অন্যদিকে, কারজাই বলে আসছেন, তালেবান জঙ্গিরা সাহায্য পাচ্ছে পাকিস্তানের কাছ থেকে।

আফগানিস্তানে, বিশেষ করে দেশটির পশতুন অধুষ্যিত পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশগুলোয় তালেবান জঙ্গি দমনের লক্ষ্যে প্রায় ৪৫ হাজার মার্কিন ও ন্যাটো সেনা অভিযান চালিয়ে আসছে।

অপরদিকে জঙ্গিবিরোধী অভিযান চালানোর পাশাপাশি পাকিস্তান বলে আসছে, আফগানিস্তানে জঙ্গি অনুপ্রবেশ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

সন্ত্রাস মোকাবিলা ছাড়াও পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের ফিরিয়ে আনার বিষয়েও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করেছেন কারজাই ও মুশাররফ। লাখ লাখ আফগানকে আশ্রয় দেওয়ার জন্য বৈঠকে মুশাররফকে ধন্যবাদ জানান কারজাই।

বিবৃতিতে বলা হয়, আঙ্কারা বৈঠকে গৃহীত পদক্ষেপগুলোর অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে।

এদিকে, তুরস্ক ২০০৭ সালের শেষ দিকে এবং ২০০৮ সালে আবারও বৈঠকের আয়োজন করার প্রস্তাব দিয়েছে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।