সন্ত্রাসী হামলা পরিকল্পনায় অভিযুক্ত ৫ ব্রিটিশ
ব্রিটেনজুড়ে আল-কায়েদার মতো বোমা হামলা চালানোর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সোমবার পাঁচ ব্রিটিশ নাগরিক অভিযুক্ত হয়েছেন। নাইটক্লাব, ট্রেন ও বিপণী বিতানসহ ব্রিটেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে শ’ শ’ লোক হত্যা করা ছিল ওই ষড়যন্ত্রের উদ্দেশ্য।
আইনজীবীরা জানান, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে ব্রিটেনের সমর্থনের প্রতিশোধ হিসেবে বোমা হামলার এ পরিকল্পনা নিয়েছিল ওই চক্র। হামলায় ব্যবহারের জন্য বিস্ফোরক তৈরি করতে তারা ৬০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট সার ব্যবহারের পরিকল্পনাও করেছিল।
জীবন বিপন্নকারী বিস্ফোরণ ঘটানোর জন্য কানাডিয় মোহাম্মেদ মোমিন খাওয়াজার সঙ্গে পরিকল্পনা করার অভিযোগে অভিযুক্ত ওই ব্রিটিশ নাগরিকরা হচ্ছেন: ওমর খইয়াম, ওয়াহিদ মাহমুদ, অ্যান্থনি গার্সিয়া, জাবেদ আকবার এবং সালাহউদ্দিন আমিন।
সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত সাজ-সরঞ্জাম রাখার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন গার্সিয়া ও খইয়াম। তাছাড়া বিস্ফোরক দ্রব্য অ্যালুমিনিয়াম নাইট্রেট রাখার দায়েও অভিযুক্ত হয়েছেন খইয়াম।
তবে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
