২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলকে ‘ইন্তিফাদার’ হুঁশিয়ারি হামাস নেতা মেশালের

গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে পরিস্থিতির উন্নতি না হলে ইসরায়েলকে আবারও বিক্ষুব্ধ ফিলিস্তিনি আন্দোলন ‘ইন্তিফাদা’র মোকাবেলা করতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাস নেতা খালেদ মেশাল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Apr 2007, 05:35 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

ফিলিস্তিনি দৈনিক ‘আল আইয়াম’-এ সোমবার প্রকাশিত এক সাক্ষাতকারে আরও একটি ‘ইন্তিফাদার’ আশঙ্কা প্রকাশ করে তিনি একথা বলেন।

খালেদ মেশাল বলেন, “ফিলিস্তিন সরকারের ওপর পশ্চিমাদের অর্থনৈতিক অবরোধ এবং ইসরায়েলি সামরিক অভিযান চলতে থাকায় বিক্ষুব্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতির বিস্ফোরণ ঘটলে তাতে শুধু ফিলিস্তিনিরাই ক্ষতিগ্রস্ত হবে না বরং বিশেষত ইহুদিবাদীরাসহ (ইসরায়েল) পুরো অঞ্চলই এতে ক্ষতিগ্রস্ত হবে।”

মেশাল বলেন, “ আমি সতর্ক করে দিচ্ছি এবং আমি বলছি যে, বর্তমান পরিস্থিতি নব্বই দশকের শেষ সময়ে বিরাজমান অবস্থার দিকেই ধাবিত হচ্ছে। যে অবস্থা ‘আল আকসা ইন্তিফাদা’ শুরুর পথ করে দিয়েছিল।”

আল আইয়াম পত্রিকাকে তিনি বলেন, “আমি সতর্ক করে দিচ্ছি এবং ‘সতর্ক’ শব্দটার মধ্যে দিয়েই আমার যা বলার তা বলে দিয়েছি।”

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট রোববার বলেছেন, গাজায় ফিলিস্তিনি জঙ্গিদের রকেট হামলা বন্ধ করতে এবং ইসরায়েলে অনুপ্রবেশ ঠেকাতে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবেন তিনি।

গাজায় রকেট হামলাকে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করে বিষয়টিকে সমর্থন করেন মেশাল। তবে গাজা থেকে পশ্চিম তীর পর্যন্ত বি¯তৃত অস্ত্রবিরতির ব্যাপারে আশাপ্রকাশ করেন তিনি।

গত শুক্রবার মিশরের রাজধানী কায়রোতে ফাতাহ নেতা ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন মেশাল। ওই বৈঠকের পর আরব দেশগুলোর সমালোচনা করে তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতিশ্রুত অর্থ সাহায্য দেওয়ার ব্যাপারে খুবই ধীরে এগোচ্ছেন তারা।