অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক আচরণ করছে: ম্যালকম ফ্রেজার
গুয়ান্তানামো বে’র মার্কিন বন্দিশিবিরে জঙ্গিদের আটকে রেখে অস্ট্রেলিয়ার সরকার ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র তাদের ‘শয়তানি উদ্দেশ্য’ সফল করার জন্য স্বৈরাতান্ত্রিক আচরণ করছে-এমন অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেজার।
বর্তমান প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের রাজনৈতিক গুরু ও রক্ষণশীল ফ্রেজার সোমবার বলেন, মনে হচ্ছে অস্ট্রেলিয়া তার গণতান্ত্রিক চরিত্র হারিয়ে ফেলেছে এমন একজনের শাসনে যিনি ১৯৯৬ সালে নেতা হওয়ার আগে তার কোষাধ্যক্ষ এবং মধ্য ডানপন্থী লিবারেল পার্টির উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অস্ট্রেলিয়ার রাজনৈতিক দিকনির্দেশনায় যুক্তরাষ্ট্রের প্রভাবের সমালোচনা করে ফ্রেজার বলেন, ডেভিড হিক্সকে নাগরিক হিসেবে স্বীকৃতি না দিয়ে তালেবান যোদ্ধা হিসেবে অভিযুক্ত করাটা হওয়ার্ডের কোনোভাবেই উচিত হয়নি। হিক্সস পাঁচ বছর ধরে গুয়ান্তানামো বে’র বন্দিশিবিরে আটক রয়েছেন।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে দেওয়া এক ভাষণে ফ্রেজার বলেন, “আমরা বিশ্বাস করে আসছি যে রাজনৈতিক কর্তৃপক্ষের অবস্থানে থাকা ব্যক্তিদের উচিত অস্ট্রেলিয়ার সব নাগরিকের অধিকার রক্ষায় কাজ করা এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। কিন্তুআমরা জানছি, সে বিশ্বাস এখন কার্যকর ও সঠিক নয়।”
তিনি বলেন, যেসব নীতি প্রয়োগ করা হচ্ছে তাতে দেখা যাচ্ছে আইনের নিয়ম এবং জনগণের অধিকার এখন হুমকির সম্মুখীন।
অস্ট্রেলিয়াকে ১৯৭৫ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত নেতৃত্বদানকারী এবং বর্তমানে রাজনীতি থেকে দূরে থাকা ফ্রেজার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের অনেক নীতির তীব্র সমালোচনা করেছেন।
আর এ নির্বাচনী বছরে ফ্রেজার তার হাওয়ার্ডবিরোধী বক্তব্যে আরও বলেছেন, গুয়ান্তানামো সামরিক আদালতের সঙ্গে অস্ট্রেলিয়ার চুক্তিটি ছিল খুবই লজ্জাজনক। এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় নির্বাচন হওয়ার কথা। নির্বাচনপূর্ব জনমত জরিপে দেখা গেছে, ক্রমেই হ্রাস পাচ্ছে হাওয়ার্ডের জনপ্রিয়তা।
ফ্রেজার বলেন, “মূল গল্প হচ্ছে দুটি গণতান্ত্রিক সরকারের একটি ইচ্ছা নিয়ে। যেখানে তারা প্রস্তুতি নিচ্ছে সব আইনী নিয়মকানুন জানালার বাইরে ছুড়ে ফেলে এমন একটা প্রক্রিয়া প্রতিষ্ঠা করা, যার পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যাশা করব স্বৈরাতান্ত্রিক শাসনের।”
গুয়ান্তানামো বে’র মার্কিন বন্দিশিবিরে আটক শত শত বিদেশির মধ্যে প্রথম যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত হয়েছেন ৩১ বছর বয়স্ক ডেভিড হিক্স। একটি চুক্তির পরিপ্রেক্ষিতে তিনি এখন প্রতীক্ষায় আছেন অস্ট্রেলিয়ায় ফেরার।
আফগানিস্তানে ২০০১ সালের ডিসেম্বরে আটক হওয়ার আগে সন্ত্রাসবাদে সহযোগিতা করার অপরাধে যুক্তরাষ্ট্রের একটি সামরিক কমিশন ডেভিড হিক্সকে সাত বছরের কারাদণ্ড প্রদান করে। উল্লেখ্য, আফগানিস্তানে আল কায়েদার সঙ্গে প্রশিক্ষণ নিয়েছিলেন ডেভিড হিক্স।
