২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন যুদ্ধের তদন্ত প্রতিবেদনে তোপের মুখে ওলমার্ট

লেবানন যুদ্ধের তদন্ত প্রতিবেদনে তোপের মুখে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। ওই প্রতিবেদনে লেবানন যুদ্ধে ভুল ও কঠোর পদক্ষেপের জন্য ওলমার্টের কড়া সমালোচনা করা হয়েছে। সোমবারই তদন্ত প্রতিবেদনটি প্রকাশ হওয়ার কথা। প্রতিবেদন প্রকাশ পেলে তাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে বলেই আশঙ্কা করছেন ওলমার্ট।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Apr 2007, 03:18 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের প্রথম ৫ দিনের ওই তদন্ত প্রতিবেদনে কড়া ভাষার ব্যবহার নিয়ে উদ্বিগ্ন ইসরায়েলি মন্ত্রীসভার সদস্যরাও। সরকার নিযুক্ত উইনোগার্ড কমিশন এই তদন্ত করেছে। তদন্ত প্রতিবেদন ওলমার্টের মন্ত্রীসভাকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে শঙ্কায় রয়েছেন মন্ত্রীরা। ইসরায়েলের এক টেলিভিশন রিপোর্টে একথা বলা হয়েছে।

ইসরায়েলের চ্যানেল ওয়ান টেলিভিশন রোববার জানায়, প্রতিবেদনে উল্লিখিত ‘ব্যর্থতা’ শব্দটির কারণে প্রতিরক্ষামন্ত্রী আমির পেরেজের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে বলে ওলমার্ট গভীরভাবে উদ্বিগ্ন।

প্রতিবেদনটি প্রকাশের আগেই ফাঁস হয়ে যাওয়া অংশবিশেষ থেকে চ্যানেল ১০ জানায়, গত জুলাইয়ে লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের হাতে দু ইসরায়েলি সেনা আটক হওয়ার পর বৈরুতের আকাশ, সমুদ্র ও স্থলপথে কঠোর সেনা অভিযান শুরু করা এবং কয়েকটি ভুল পদক্ষেপের জন্য ওলমার্টের কড়া সমালোচনা করা হয়েছে প্রতিবেদনে।

কিন্তু দুই জুরির প্যানেল, সাবেক দুই জেনারেল এবং সরকারের নীতি নির্ধারণী বিশেষজ্ঞ কেউই এজন্য ওলমার্টের পদত্যাগের দাবি জানাননি। চ্যানেল ১০ একথা জানায়। এদিকে, ওলমার্টের সহযোগী জানিয়েছেন, ওলমার্ট পদত্যাগ করতে রাজিও নন।

প্রতিবেদনের অংশবিশেষ ফাঁস হয়ে যাওয়া সম্পর্কে তদন্ত কমিশন কোনো মন্তব্য করেনি। সেকারণে ফাঁস হওয়া তথ্য সম্পর্ণ সঠিক বলেই মনে করছেন রাজনৈতিক ভাষ্যকাররা।

উল্লেখ্য, ইসরায়েল-লেবানন যুদ্ধ চলাকালে হিজবুল্লাহ ইসরায়েলে নিক্ষেপ করেছিলো ৪ হাজার রকেট। তখন থেকেই ওলমার্টের জনপ্রিয়তা কমে আসে। ওলমার্ট বলছেন, ওই যুদ্ধে ইসরায়েল কৌশলগতভাবে লাভবান হয়েছে। কিন্তু ওই যুদ্ধের ফলে ওলমার্টের প্রতি জনঅসন্তোষ বেড়েছে।