ফ্রান্সের মধ্যপন্থীদের ছাড় দিতে রাজি সারকোসি-রয়েল
প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রচারণার শেষ সপ্তাহে প্রবেশ করেছে ফ্রান্স। জনমত জরিপগুলোতে দেখা গেছে, ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী নিকোলাস সারকোসি এগিয়ে আছেন সমাজতন্ত্রী প্রার্থী সিগোলেন রয়েলের চেয়ে। এ অবস্থায় রোববার উভয় প্রেসিডেন্ট প্রার্থীই মধ্যপন্থী ভোটারদের সমর্থন পেতে তাদের ছাড় দেওয়ার পরিকল্পনা কথা ঘোষণা করেছেন।
প্যারিসের একটি খেলার মাঠ ভর্তি ২০ হাজার সমর্থকের এক জাঁকজমকপূর্ণ সমাবেশে সারকোসি বলেন, ফরাসী ভোটারদের একত্রিত করতে চান তিনি।
আগামী ৬ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফা নির্বাচনে জয়লাভ করার জন্য সারকোসি ও রয়েল উভয়েরই প্রয়োজন ৭০ লাখের বেশি মধ্যপন্থী ভোটারের সমর্থন। প্রথম দফা নির্বাচনে এরা ভোট দিয়েছিলেন তৃতীয় স্থান অর্জনকারী প্রেসিডেন্ট প্রার্থী মধ্যপন্থী ফ্রাঙ্কোস বেরুকে।
সারকোসি সমাবেশে বলেন, ফ্রান্সের নির্বাচনে কিছু ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্ব চালুর কথা বিবেচনা করবেন তিনি। প্রসঙ্গত, ফ্রান্সের মধ্যপন্থী ও উগ্র ডানপন্থী উভয়ই এ দাবি জানিয়ে আসছে।
পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের উল্লেখ করে তিনি বলেন, “সব রাজনৈতিক শক্তিকে একত্রিত করে সিনেট বা ন্যাশনাল অ্যাসেম্বিতে কিছু ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্ব চালু করা যায় কিনা তা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করার অঙ্গীকার করছি আমি।”
ফ্রান্সের দুই দফা নির্বাচন প্রক্রিয়ায় সুবিধা সাধারণত পেয়ে থাকে বড় বড় দল ও শক্তিশালী ক্ষমতাসীন সংখ্যাগুরুরা। অন্যদিকে, অন্য অনেকগুলো দল পায় অল্প কিছু আসন। আবার এমনও দল আছে যারা কোনো আসনই পায় না। যেমন উগ্র ডানপন্থী ন্যাশনাল ফ্রন্টের রয়েছে ১০ শতাংশের বেশি ভোটার। কিন্তু এখন পর্যন্ত একটি আসনেও জয়লাভ করতে পারেনি তারা।
মধ্যপন্থী বেরুর ভোটারদের সমর্থন পাওয়ার লক্ষ্যে অনেকটা আকস্মিকভাবেই শনিবার রয়েল তার সঙ্গে এক টেলিভিশন বিতর্কে অংশ নেন। তবে বেরুর সঙ্গে জনসম্মুখে বিতর্কে যাওয়ার প্রস্তাব প্রত্যাখান করেছেন সারকোসি।
৫৩ বছর বয়স্ক রয়েল রোববার মধ্যপন্থী ভোটারদের একটি প্রস্তাবও দিয়েছেন। ক্যানাল প্লাস টেলিভিশনকে তিনি বলেন, নির্বাচিত হলে বেরুকে প্রধানমন্ত্রী মনোনীত করার বিষয়টি প্রত্যাখান করছেন না তিনি।
তিনি বলেন, “আমি শুধু এটার জন্যই প্রস্তুত-তা নয়। বরং, আগামীকাল আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশ পরিচালনায় সব ধরনের ভালো ধারণার দরকার হবে এবং আমি তা গ্রহণে প্রস্তুত।”
মধ্যপন্থীদের আস্থা অর্জন এবং উগ্র ডানপন্থীদের আস্থা ধরে রাখা নিয়ে একটি কঠিন ভারসাম্যপূর্ণ কাজের সম্মুখীন এখন রয়েল।
জরিপে দেখা গেছে, রয়েলের প্রয়োজন তার নীতিগুলো যে বিশ্বাসযোগ্য তা মধ্যপন্থীদের বোঝানো, যেখানে সারকোসি ব্যবহার করছেন তার আগ্রাসী ভাবমূর্তিকে।
সমাবেশে সারকোসি বলেন, “আমি মধ্যপন্থী ভোটারদের সঙ্গে কথা বলতে চাই, যাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে আমাদের অনেক মিল রয়েছে। আমি তাদের বলতে চাই, আমি প্রেসিডেন্ট পদে আপনাদের যে সমর্থন পেতে চাই তাতে আপনাদের সব দাবি ঠিকঠাক মতোই থাকবে।”
বেরুর ইউডিএফ পার্টির অনেকেই বলেছেন, তারা ভোট দেবেন সারকোসিকে। কারণ, সারকোসি তার সরকারে ইউডিএফ দল থেকে মন্ত্রী থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে আগামী বুধবার বিকেলে সারকোসি ও রয়েল মুখোমুখি হচ্ছেন বহুল প্রত্যাশিত টেলিভিশন বিতর্কে। এ বিতর্ককে ধরা হচ্ছে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের প্রচারণার সর্বশেষ পর্যায় হিসেবে।
