যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ নিয়ে ইইউর মন্তব্যে বিস্মিত ইরান
পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে ইরানকে অনুমতি দিতে পারেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-ইইউ পররাষ্ট্রনীতি প্রধান হাভিয়ার সোলানার এমন মন্তব্য নাকচ করে দিয়েছে ইরান। দেশটির প্রধান পরমাণু আলোচক আলী লারিজানি সোলানার মন্তব্যের নেতিবাচক প্রতিক্রিয়া জানান রোববার।
লারিজানি বার্তা সংস্থা ইরনাকে বলেন, গত সপ্তাহে তুরস্ক বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি সোলানা ও তার মধ্যে। পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমের সঙ্গে তেহরানের বিরোধ মেটাতে তুরস্কে ইইউ-ইরানের ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
তুরস্ক বৈঠকের পরদিন ব্রাসেলসের এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোলানা বলেন, কোনো সংশয় ছাড়াই তিনি এটা বলতে পারেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার অনুমতি দেবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
এ প্রসঙ্গে লারিজানি বলেন, “পত্রপত্রিকায় তার মন্তব্যটি দেখেছি আমি। তিনি যদি ওই কথা বলে থাকেন তাহলে তা সত্যিই আশ্চর্যজনক। কারণ, ওই বিষয় নিয়ে কোনো কথাই হয়নি তার সঙ্গে। তাছাড়া তার ধারণাটিও ভুল।”
১৯৮০ সালের জিম্মি সঙ্কট নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। এরপর থেকে কোনো ধরনের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়নি দেশ দুটির মধ্যে। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এদের বিরোধ।
অবশ্য ইরাক সঙ্কট নিরসনে আঞ্চলিক উদ্যোগের অংশ হিসেবে আগামী সপ্তাহে মিশরে একই বৈঠকে অংশ নেবে ইরান ও যুক্তরাষ্ট্র।
