যুক্তরাষ্ট্র সফরের পর সমর্থন বেড়েছে আবের
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সঙ্গে সাক্ষাতের জন্য গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করার পর জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের মন্ত্রিপরিষদের প্রতি সমর্থন বেড়েছে। সম্প্রতি পরিচালিত কয়েকটি জনমত জরিপে এ তথ্য পাওয়া গেছে বলে সোমবার জাপানের দৈনিকগুলো জানিয়েছে।
এক হাজার ভোটারের ওপর ২৮ ও ২৯ এপ্রিল মেইনিচি পত্রিকার পরিচালিত এক জাতীয় জরিপে দেখা গেছে, ৪৩ শতাংশ ভোটার সমর্থন করছেন আবেকে, যা মার্চের চেয়ে আট শতাংশ বেশি।
গত বছর সেপ্টেম্বরে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পরপরই আবের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। আর এরপর থেকে কমতে থাকে তার জনপ্রিয়তা।
তবে মেইনিচির জরিপে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারী ১৫ শতাংশ বলেছেন, আবের নেতৃত্ব নিয়ে তাদের প্রত্যাশা ভাল, যা মার্চের চেয়ে পাঁচ শতাংশ বেশি।
প্রধানমন্ত্রী হওয়ার পর গত সপ্তাহে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করেন আবে। আর মেইনিচির জরিপে বুশের সঙ্গে আবের সাক্ষাতের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে তার সার্বিক জনপ্রিয়তা বৃদ্ধির জন্য।
পাশপাশি চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে আবের উচ্চপর্যায়ের আলোচনা তার জনসমর্থন বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে জাপানি পত্রিকাটি। চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এ মাসে জাপান সফর করেছেন।
ওয়েনের এ সফরের মাধ্যমে আবের পূর্বসূরী জুনিচিরো কোইজুমির পাঁচ বছর মেয়াদের তুলনায় চীন-জাপানের দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতির বিষয়টি বেশ স্পষ্ট হয়ে উঠেছে। বেইজিঙের কাছে জাপানের অতীত সামরিকায়নের প্রতীক হিসেবে বিবেচিত ইয়াসুকুনি সমাধিসৌধ নিজের শাসনামলের প্রতি বছরই সফর করেন কোইজুমি।
২৭ থেকে ২৯ এপ্রিল দৈনিক নিক্কি পরিচালিত অপর এক জরিপে দেখা গেছে, আবের সরকারের জনসমর্থন দাঁড়িয়েছে ৫৩ শতাংশে, যা গত মাসের চেয়ে ১০ শতাংশ বেশি।
নিক্কি জানিয়েছে, আবের জনপ্রিয়তা বাড়ার প্রধান কারণ তার ‘ব্যক্তিত্ব’। তবে পত্রিকাটি জানিয়েছে, তার নেতৃত্ব নিয়ে যাদের সন্দেহ ছিল সে হার মার্চের ৪৯ শতাংশ থেকে আট শতাংশ কমেছে।
নিক্কি বলছে, আবের সরকারকে যেসব ভোটার সমর্থন করেনি তাদের হারও মার্চের ৩৭ শতাংশ থেকে আট শতাংশ কমেছে।
কয়েক দফা ভুল পদক্ষপ আবের সরকারের জনপ্রিয়তা কমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেগুলোর মধ্যে নারীদের ‘জন্ম দেওয়ার যন্ত্র’ হিসেবে অভিহিত করা সংক্রান্ত আবের স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যও রয়েছে।
নিক্কির জরিপে দেখা গেছে, আবের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জনসমর্থন আগের মাসের ৪৩ শতাংশ থেকে দুই শতাংশ বেড়েছে। অপরদিকে, প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির জনসমর্থন ২১ শতাংশ থেকে বেড়েছে তিন শতাংশ।
জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের ২৪২টি আসনের অর্ধেক আসনে জুলাই মাসে একটি জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। সে নির্বাচনকে ঘিরে জাপানের ক্ষমতাসীন এবং বিরোধী শিবিরে চলছে নির্বাচনী ব্যস্ততা।
উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে হলে জুলাইয়ের নির্বাচনে আবের এলডিপি এবং তার জোটের শরিক বৌদ্ধসমর্থিত নিউ কোমিতো পার্টিকে যৌথভাবে ৬৪টি আসনে জয়লাভ করতে হবে।
