২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলে ইরাকে নিহত মার্কিন সেনা সংখ্যা ১০০ ছাড়িয়েছে

ইরাকের রাজধানী বাগদাদে গত দুদিনে চার মার্কিন সেনা নিহত হয়েছে। এ নিয়ে এপ্রিলজুড়ে ইরাকে নিহত মার্কিন সেনার সংখ্যা ১০০ জন ছাড়িয়ে গেছে। মার্কিন সেনাবাহিনী সোমবার একথা জানায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Apr 2007, 06:36 AM

Updated : 26 Apr 2022, 02:17 PM

এক মাসে ১০০ এরও বেশি সেনা নিহত হওয়ায় মাসটিকে ইরাকে মার্কিন সেনাদের জন্য অত্যন্ত বিপজ্জনক মাস হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসন শুরুর পর থেকে সেনা মৃত্যুর হিসেবে অন্যতম ভয়াবহ মাস এটি।

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, রোববার বাগদাদে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় তিন সেনা নিহত হয়। ওই ঘটনায় তাদের ইরাকি দোভাষীও মারা যান। আলাদা এক বিবৃতিতে পূর্ব বাগদাদে হালকা অস্ত্রের গুলিতে শনিবার আরও এক মার্কিন সেনা নিহত হওয়ার কথা জানানো হয়।

বাগদাদের নিরাপত্তা রক্ষায় লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে মার্কিন নেতৃত্বাতাধীন যৌথবাহিনী। কিন্তু ইরাকি রাজধানীর সুরক্ষায় মার্কিন নিরাপত্তা পরিকল্পনাকে চ্যালেঞ্জ করে প্রতিদিনই সহিংসতা বাড়ছে সেখানে।