২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সদস্যপদের আবেদন বাতিল হওয়ায় ক্ষুব্ধ তাইওয়ানের প্রেসিডেন্ট

সার্বভৌম নয়-এ অজুহাতে দ্বীপটির বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সদস্যপদের আবেদন বাতিল করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট চেন সুই-বিয়ান। প্রেসিডেন্টের কার্যালয় থেকে সোমবার একথা জানানো হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Apr 2007, 12:03 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

তাইওয়ান বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পর্যবেক্ষক হিসেবে যোগদানের জন্য গত ১০ বছর ধরে প্রতি বছরই আবেদন করে আসছিল। প্রতিবার প্রত্যাখাত হয়েও এ বছর পূর্ণ সদস্যপদের জন্য আবেদন করে তারা। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার সচিবালয় ১৯৩ সদস্যের সঙ্গে তাইওয়ানকে অন্তর্ভুক্ত করার জন্য ভোট গ্রহণের দিন নির্ধারণের বিষয়টি বাতিল করে দেয় গত শুক্রবার।

রোববার তাইওয়ানের নীতিনির্ধারণ বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠানের এক সভায় প্রেসিডেন্ট চেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ সিদ্ধান্তের বিরোধিতার পাশাপাশি এর জন্য দুঃখ প্রকাশ করেছেন।

প্রেসিডেন্টের কার্যালয়ের এক বার্তায় তাইওয়ানকে আবারও স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করা হয়। এতে বলা হয়, “তাইওয়ান একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র-এ বিষয়টির ওপর প্রেসিডেন্ট জোর দিয়েছেন।”

এতে আরও বলা হয়, “এটি তাইওয়ানের দুই কোটি ৩০ লাখ জনগণের অধিকার, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা চাইলেই পুরোপুরি প্রত্যাখান করে বাতিল করে দিতে পারে না।”

উল্লেখ্য, চীন এখনও তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তাইওয়ানের চেয়ে চীনের সমর্থক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৭২ সালে দ্বীপটির সদস্যপদ বাতিল করে দেয়।

১৯৪৯ সালে এক গৃহযুদ্ধে চীন ও তাইওয়ান আলাদা হয়ে গেলেও দুদেশের সম্পর্কের স্থবিরতা এখনও কাটেনি।