ইরাক সম্মেলনে ইরানের যোগদান আঞ্চলিক সহযোগিতার দ্বার খুলে দেবে
ইরাক সঙ্কট নিরসনের চেষ্টায় ৩ ও ৪ মে’র মিসর সম্মেলনে ইরান যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শক্তিধর দেশগুলোর সঙ্গে বৈঠকে বসবে। ইরানের উপস্থিতিতে ওই বৈঠক ইরাকে সহিংসতা নিরসনে আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেবে বলেই মনে করছে বাগদাদ। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোসেয়ার জেবারি এই সম্ভাবনার কথা বলেছেন।
জেবারি আরো বলেন, দুই শত্রু দেশ যুক্তরাষ্ট্র ও ইরান ওই বৈঠকে মুখোমুখি আলোচনায় বসবে বলেই মনে করা হচ্ছে। ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের যোগ দেওয়ার কথা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, রাইস ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি।
তেহরানও ইতমধ্যেই বলেছে, পররাষ্ট্রমন্ত্রী মানৌচের মোত্তাকির নেতৃত্বে তারা একটি প্রতিনিধি দল বৈঠকে পাঠাবে। ইরাকের জনগণ ও সরকারকে সাহায্য করতেই এই দল পাঠানো হচ্ছে।
যুক্তরাষ্ট্র বরাবরই ইরানের বিরুদ্ধে ইরাকি জঙ্গিদের অর্থ ও অস্ত্র সাহায্য দেয়ার অভিযোগ করে আসছে। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়টি ছাড়াও পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ রয়েছে ইরানের। ওদিকে, ইরান ইরাকের পুরোনো শত্রু হলেও সাদ্দাম হোসেনের পতনের পর দু’ দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে।
ইরাক বলছে, শিয়া-সুন্নি দাঙ্গা রোধে তাদের প্রতিবেশী দেশসহ এ অঞ্চলের অন্যান্য দেশগুলোর সহায়তা প্রয়োজন। জেবারি ইরাক ইসুতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যে কোনো আলোচনাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এক সাক্ষাতকারে তিনি বলেন, “এ ধরনের আলোচনায় বড় ধরনের অগ্রতির সম্ভাবনা আছে এবং এর মাধ্যমে ইরাকে সহিংস পরিস্থিতিরও ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে।”
তিনি আরও বলেন, আমরা ইরাককে আর সহিংসতা বিক্ষুব্ধ দেখতে চাই না। কারণ, এতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানৌচের মোত্তাকির মুখপাত্র জানিয়েছিলেন, মিসরে এ সপ্তার ইরাক সম্মেলনে যোগ দিচ্ছেন মোত্তাকি। এ সম্মেলনের লক্ষ্য প্রতিবেশী দেশ ইরাকে সহিংসতা নিরসনের উপায় খোঁজা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলী হোসেইনি রয়টার্সকে সম্মেলনে মোত্তাকির যোগদানের খবরটি নিশ্চিত করেছেন। এর আগে রোববার ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল-মালিকির কার্যালয় ইরানের অংমগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছিলো।
