ইরাকে ৭২ আল-কায়েদা জঙ্গি আটকের দাবি মার্কিন বাহিনীর
বাগদাদের উত্তর-পশ্চিমে আল কায়েদা বিরোধী অভিযান চালিয়ে ৭২ জন সন্দেহভাজন জঙ্গি আটকের দাবি করেছে মার্কিন বাহিনী। অভিযানে নাইট্রিক এসিড এবং বোমা তৈরির সরঞ্চামও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা।
সুন্নি আরবদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আনবার ও সালাহদিন প্রদেশে একইসঙ্গে এ অভিযান চালায় মার্কিন বাহিনী।
অভিযানে শুধু সামারা শহর থেকেই গ্রেফতার হয়েছে আল কায়েদার সঙ্গে জড়িত ৩৬ জন। আর ইরাকি গেরিলাদের শক্ত ঘাঁটি ফালুজার পার্শ্ববর্তী কারমাহ থেকে মার্কিন সেনাবাহিনী উদ্ধার করেছে ২০ ড্রাম নাইট্রিক এসিড এবং বোমা তৈরির অন্যান্য সরঞ্জাম।
প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে ইরাকি গেরিলারা হামলার কৌশল পাল্টেছে। প্রায় এক ডজন ট্রাক বোমা হামলায় তারা ব্যবহার করেছে নাইট্রিক এসিড। এসব হামলার অধিকাংশই তারা চালিয়েছে পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে।
ইরাকে মার্কিন সেনাবাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেট্রাউস ইরাকে আল কায়েদাকে ‘জনগণের এক নম্বর শত্রু’ আখ্যা দিেেছন। একইসঙ্গে পেট্রাউস বলেছেন, ইরাকে জাতিগত সহিংসতা উস্কে দেওয়ার লক্ষ্যে ‘স্পর্শকাতর’ হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে সুন্নি ইসলামি সংগঠনগুলো।
সন্দেহভাজন গেরিলা হামলা ঠেকাতে রোববার সকালে বাগদাদের দক্ষিণাঞ্চলেও অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। সে সময় কয়েকদফা বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানীর দক্ষিণ প্রান্ত।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট-কর্নেল ক্রিস্টোফার গার্ভার বলেন, সকালের বিস্ফোরণগুলো সশস্ত্র মার্কিন সেনারাই ঘটিয়েছে। তবে সে বিস্ফোরণের লক্ষ্য কী ছিল সে সম্পর্কে কিছু জানাতে তিনি অস্বীকৃতি জানান।
জাতিগত জঙ্গি ও গেরিলাদের দমনের উদ্দেশ্যে ইরাকে চলমান ১০ সপ্তাহব্যাপী নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে বাগদাদে মোতায়েন আছে হাজার হাজার ইরাকি ও মার্কিন সেনা।
মার্কিন সেনা কমান্ডাররা বলছেন, হামলা চালানো এবং গাড়িবোম হামলার নেটওয়ার্ক তৈরির জন্য আল কায়েদাসহ অন্য গেরিলারা বাগদাদের আশপাশের এলাকায় আবারও জড়ো হয়েছে। যেসব হামলায় সাম্প্রতিক মাসগুলোতে ব্যাপক প্রাণহানি হয়েছে ।
