পেশোয়ারে হামলার ঘটনায় সন্দেহের তীর মুসলিম জঙ্গিদের দিকে
পাকিস্তানের পেশোয়ারে শনিবারের আত্মঘাতী হামলায় মৃতের সংখ্যা ২৮ জনে পৌঁছেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমেদ খান শেরপাওকে হত্যার চেষ্টাতেই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন তদন্তকারী কর্মকর্তারা। ইসলামিক জঙ্গিদলগুলো এ হামলা পরিকল্পনা করে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
শনিবার আত্মঘাতী হামলাকারী আফগান সীমান্তবর্তী প্রদেশে স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমেদ খান শেরপাও এর কাছ থেকে মাত্র তিন মিটার (১০ ফুট) দূরে বোমার বিস্ফোরণ ঘটায়।
উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশের রাজধানী পেশোয়ারের ২০ কিরোমিটার উত্তরপূর্বে চারসাদা শহরে একটি জনসভার পর স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত লোকজনের সাথে সাক্ষাতের সময় আকস্মিক ওই হামলায় স্পিøন্টারের আঘাতে আহত হন।
তদন্তকারীরা আত্মঘাতী হামলাকারীর বিচ্ছিন্ন মাথা, ধড় ও উদ্ধারকৃত অঙ্গপ্রত্যঙ্গ থেকে তার পরিচয় সনাক্ত করার চেষ্টা চালাচেছ।
উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশের তথ্যমন্ত্রী আসিফ ইকবাল দাউদজাই রয়টার্সকে বলেছেন,
“আমাদের আদিবাসী এলাকা ও সীমান্তবর্তী এলাকাগুলোতে যা ঘটছে, তার ধারাবাহিকতায়ই এ হামলার ঘটেছে।”
পুলিশের তদন্তকারী উর্দ্ধতন কর্মকর্তা ফায়াজ তুরু বলেছেন,“ হামলাকারীর বয়স আনুমানিক ৩০ বছর। সে হয় আফগান জঙ্গি বা পাকিস্তানের আদিবাসী এলাকার কেউ।”
সন্দেহভাজনকে সনাক্ত করতে তার স্কেচ করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন ,“ এই হামলার ধরন আদিবাসী এলাকাগুলোতে সংঘটিত আগের হামলাগুলোর মতই।”
তিনি বলেন, মৃতের সংখ্যা ২৬ থেকে ২৮ এ পৌঁছেছে। এ ঘটনায় মোট ৫২ জন আহত হয়েছেন।
প্রেসিডেন্ট মুশাররফ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে পাকিস্তানে মুসলিম জঙ্গিদের হামলা বৃদ্ধি পেয়েছে। এ বছরের শুরুর দিকে রাজধানী ইসলামাবাদসহ পাকিস্তানে অনেকগুলো আত্মঘাতী হামলা ঘটেছে।
শেরপাও বলেছেন, তাকে উদ্দেশ্য করে এ হামলা করা হয়েছে। ঘটনার পর আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ফোন করে শেরপাওয়ের খোঁজখবর নেন।
হামলায় শেরপাওয়ের একজন সহকারীসহ কয়েকজন নিরাপত্তারক্ষী মারা যান।
ওয়াশিংটনে হোয়াইট হাউসের মুখপাত্র টনি ফ্রাটো বলেছেন, “সন্ত্রাসীরা পাকিস্তানে আছে। কিন্তু তারা শুধু সেখানেই নয়, সৌদি আরবেও সক্রিয়।”
সৌদি আরব শুক্রবার তাদের তেল ডিপোগুলোতে আল-কায়েদা সন্ত্রাসীদের হামলা পরিকল্পনা ব্যর্থ করে দেওয়াসহ ১৭২ জনকে আটকের দাবি করেছে।
এদিকে, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ পাকিস্তানের ভয়াবহ এলাকাগুলোর অন্যতম। উত্তর-দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান ও আল-কায়েদা বাহিনী শক্ত ঘাঁটি গেড়েছে।
