কিউবায় ‘একনায়কতন্ত্রের’ দিন ফুরিয়ে আসছে : বুশ
“কিউবায় ‘বর্বর একনায়কতন্ত্রের’ দিন ফুরিয়ে আসছে। সেখানে ‘গণতান্ত্রিক পরিবর্তন’ আসন্ন।” দীর্ঘ রোগভোগের পর কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর ক্ষমতায় ফেরার খবরের প্রতিক্রিয়ায় এমনই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
শনিবার মায়ামি ডেইড কলেজের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতাকালে বুশ ওই মন্তব্য করেন। অস্ত্রোপচারের পর দীর্ঘ অসুস্থতা শেষে ফিদেল কাস্ত্রো সেরে উঠছেন এবং আংশিকভাবে হলেও রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসছেন-মিডিয়ায় এ খবর বেরোনোর পরপরই মার্কিন প্রেসিডেন্ট একথা বললেন।
বক্তব্যে বুশ বলেন, “কিউবানরা সুন্দর জীবনেরই স্বপ্ন দেখেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মানুষের সব স্বাধীনতা অস্বীকার করে এক অন্ধকারাচ্ছন্ন ও কলুষিত আদর্শবাদের নামে সেসব স্বপ্ন নস্যাৎ করে দিচ্ছে নির্মম একনায়কতন্ত্র।”
মায়ামির ওই সমাবর্তনে অংশগ্রহণকারী অনেক ছাত্রছাত্রীই কিউবান বংশোদ্ভুত। সে কথা মাথায় রেখেই বুশ বলেন, “ আপনাদের অনেকেরই প্রিয় মানুষেরা হয়তো এখনো কিউবাতে রয়েছেন, যারা স্বাধীনতার আলোয় আলোকিত হয়ে ওঠার সেই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছেন।”
যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে কিউবার দূরত্ব মাত্র ৯০ মাইল। ঐতিহাসিকভাবেই কিউবান বংশোদ্ভুত অনেক নাগরিকই মায়ামিতে বাস করেন ।
৮০ বছরবয়সী ফিদেল কাস্ত্রো গত বছরের জুলাইয়ে অস্ত্রপচারের সময় সাময়িকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করেন ছোটভাই রাউল কাস্ত্রোর কাছে। এ দীর্ঘ সময়ের মধ্যে টিভি ও পত্রপত্রিকায় তার কিছু ভিডিও, ছবি প্রকাশ করা হলেও তাকে জনসমক্ষে দেখা যায়নি। কিন্তু কিছুদিন ধরেই তার সেরে ওঠার খবরের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে তার অংশগ্রহণের খবর প্রকাশিত হচ্ছে।
শনিবার বলিভিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস বলেছেন, তিনি নিশ্চিত যে, ১ তারিখে মে দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ক্ষমতায় ফিরে আসবেন ফিদেল।
কিউবা জুড়ে তার অগণিত ভক্ত অনুসারীরাও হাভানার রেভ্যুলিউশন স্কয়ারে মে দিবসের প্যারেডে কমান্ডার ফিদেল কাস্ত্রোর ফিরে আসার প্রতীক্ষায় দিন গুনছেন।
তবে অনেক আন্তর্জাতিক বিশ্লেষকসহ মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, পুরোপুরি সেরে না ওঠায় সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় নেতৃত্বে ফিরে আসবেন না ফিদেল। তবে অন্তরালে থেকেও নীতি নির্ধারণী বিষয়ে পরামর্শ দিয়ে ছোট ভাইকে দেশ পরিচালনায় সহায়তা করবেন তিনি।
