২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ব্যাপক মার্কিন-বিরোধী বিক্ষোভ

পূর্ব আফগানিস্তানে রোববার শ’ শ’ আফগান যুক্তরাষ্ট্র ও হামিদ করাজাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর অভিযানে বেসামরিক লোক হতাহতের ঘটনার প্রতিবাদে আফগানদের এই বিক্ষোভ। বিক্ষোভকারীরা ‘আমেরিকা নিপাত যাক’ ও ‘কারজাই নিপাত যাক’ বলে স্লোগান দেয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Apr 2007, 03:31 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে রোববার আফগানিস্তানের নাঙ্গাহারে মারা গেঝে ৬ আফগান। নাঙ্গাহার পুলিশ মুখপাত্র আবদুল গফুর জানান, তিনজন মহিলাসহ নিহত সবাই বেসামরিক লোক। যদিও মার্কিন সেনাবাহিনী বলছে, নিহতদের মধ্যে অন্ততপক্ষে চারজন তালেবান জঙ্গি। বাকীদের একজন মহিলা ও একজন কিশোরী।

মার্কিন সেনাবাহিনী জানায়, তাদের সেনারা হামলার শিকার হওয়ার পর রোববার সকালে তালেবান জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা অভিযান চালায়।

এক বিবৃতিতে মেজর ক্রিস বেলচার বলেন, “বেসামরিক লোকজনের প্রাণহানিতে আমরা হতভম্ব। এটা খুবই দুর্ভাগ্যজনক যে, জঙ্গিরা জনসাধারনদের মধ্যে লুকিয়ে থেকে তাদের জীবন বিপন্ন করছে।”

আফগানিস্তানে প্রায়ই এরকম আফগান নিহতের ঘটনায় বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা প্রাদেশিক রাজধানী জালালাবাদের প্রধান সড়ক গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে। প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের বিরুদ্ধে ‘কারজাই নিপাত যাক’ বলে স্লোগান দেয় তারা।

আফগানিস্তানের সহিংসতায় এ বছর কয়েক শতাধিক বেসামরিক লোকের প্রাণহানি হয়েছে। এর বেশিরভাগই হয়েছে তালেবান হামলায়। তবে বিদেশি সেনা অভিযানেও উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানি ঘটেছে।

গত মাসে মার্কিন মেরিন সেনারা নাঙ্গাহারে কয়েকজন বেসামরিক লোককে গুলি করে হত্যা করে। মেরিন সেনাদের গাড়িবহরে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা আঘাত হানার পর তারা ওই হামলা চালায়।

হামলাকারী ওই মার্কিন মেরিন সেনাদের শিগগিরই যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এবং ওই ঘটনার তদন্ত চলছে। প্রসঙ্গত, ওই ঘটনার পরও আফগানিস্তানে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ হয়েছিল।

এদিকে, আরেকটি ঘটনায় দক্ষিণপূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে রোববার জোট ও আফগান সেনাদের যৌথ অভিযানে আটক হয়েছে কয়েকজন সন্দেহভাজন জঙ্গি।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে ২০০১ সালে তালেবান সরকারের পতনের পর গত বছরই আফগানিস্তানে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে। এতে নিহত হয়েছে এক হাজার বেসামরিক লোকসহ চার হাজারের বেশি জন। আর শীতের শেষে এ বছর আবারও বেড়ে চলেছে সংঘর্ষ।

এদিকে, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের রোববার তুরস্কের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। সেখানে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সঙ্গে সাক্ষাৎ করবেন। ধারণা করা হচ্ছে, প্রতিবেশী দেশ দুটির নেতারা তাদের তুরস্ক বৈঠকে আশ্রয় ও প্রশিক্ষণের জন্য তালেবান সদস্যদের পাকিস্তান ভূখণ্ড ব্যবহার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন।