২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় জাপান

মধ্যপ্রাচ্যে নতুন ভূমিকা নিয়ে অবতীর্ণ হতে উপসাগরের নেতৃস্থানীয় দেশ সৌদি আরবের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় জাপান। এমনটাই জানিয়েছেন সৌদি আরব সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Apr 2007, 03:05 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

শনিবার সৌদি আরবের সঙ্গে ব্যাপক অথনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠায় একমত হয়েছে জাপান। একইসঙ্গে দুদেশ ইসরায়েল ও ফিলিস্তিনি সংঘর্ষের ‘ন্যায়সঙ্গত ও পরিপূর্ণ সমাধান’ প্রয়োজন বলে মত ব্যক্ত করেছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশ সফরের প্রথম ধাপে শনিবার সৌদি বাদশা আবদুল্লাহ সঙ্গে বৈঠক করেন। জাপানের দৃষ্টিভঙ্গি এবং মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই আবের এ সফর। প্রসঙ্গত, জাপান অশোধিত তেলের জন্য এ অঞ্চলের ওপর নির্ভরশীল।

সফরকালে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠককালে আবে সৌদিআরবের সঙ্গে জাপানের সম্পর্ক সম্প্রসারণ এবং শক্তিশালী করার ওপর জোর দেন। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে আমি জাপানের জন্য নতুন সম্পর্ক স্থাপন করতে চাই। আর তা করতে হলে উপসাগরের নেতৃস্থানীয় দেশ সৌদি আরবের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা অপরিহার্য।”

ওয়াশিংটন থেকে রিয়াদে আসার আগের দিন আগে আবে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা তেল স্থাপনা, সামরিক ঘাঁটি এবং সরকারি কর্মকর্তাদের ওপর হামলার চক্রান্তকারী আল কায়েদা সদস্যদের ষড়যন্ত্র নস্যাৎ করেছে। একইসঙ্গ তারা জানায়, ওই ঘটনায় জড়িত সন্দেহে ১৭২ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে দুই নেতা বলেন, “অর্থনৈতিক সম্পর্কের আরো উন্নতি হচ্ছে। এটি সৌদি আরব ও জাপানের মধ্যকার কৌশলগত সম্পর্কের উন্নতির চালিকা শক্তি।”

জাপানের অশোধিত তেলের ৯০ শতাংশ সরবরাহ করে থাকে মধ্যপ্রাচ্যের দেশগুলো। আর তার প্রায় ৩০ শতাংশ একই সরবরাহ করে সৌদি আরব। এমতাবস্থায় জাপান বলছে, চীন ও ভারতের কাছ থেকে ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে তেলের একটি স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে চায় তারা।

বৈঠকে দুই নেতা জ্বালানি নিরাপত্তা এবং একটি প্রস্তাব নিয়েও আলোচনা করেন। যে প্রস্তাবে সৌদি আরব তার তেল মজুদ করার জন্য জাপানের তেল ডিপো ব্যবহারের সুযোগ পাবে।

তবে তেল ও জ্বলানির ব্যাপারটি ছাড়াও জাপান অনেক দিন থেকেই মধ্যপ্রাচ্য সঙ্কট নিরসনে ভূমিকা রাখার পাশাপাশি আরব দেশগুলোর সঙ্গে উষ্ণ সম্পর্ক করার সুযোগ খুঁজছে। সম্প্রতি সৌদি আরব ইসরায়েল-ফিলিস্তিন সঙ্কটে শান্তিরক্ষার ভূমিকা নিয়েছে। এই ভূমিকায় শামিল হতে আগ্রহী জাপানও।

এক বিবৃতিতে দুদেশের দুনেতাই বলেছেন, “আরব-ইসরায়েল সঙ্কটের একটি ন্যায়সঙ্গত ও পূর্ণ সমাধানই মধ্রপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার চাবিকাঠি। এর মধ্য দিয়েই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেতে হুমকি ও উত্তেজনার অবসান ঘটনানো সম্ভব।”

মধ্যপ্রাচ্য সফরে আবের সঙ্গে রয়েছেন ১৭০ সদস্যের জাপানি ব্যবসায়িক নেতার এক প্রতিনিধিদল।