২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার তেল স্থাপনায় তামিল টাইগারদের বিমান হামলা

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর কাছে অবস্থিত দুটি তেল স্থাপনায় দ্য লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) এর বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে। হামলায় একটি তেল স্থাপনার সামান্য ক্ষতি হয়েছে। দেশটির বিমান বাহিনী এ খবর জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Apr 2007, 01:50 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, বিমান হামলার জবাবে সেনাবাহিনী পাল্টা হামলা চালালে তারা বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ শুনতে পান। হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছেন, একটি জ্বালানি কেন্দ্রে কর্তব্যরত দুই ব্যক্তি বন্দুকযুদ্ধে আহত হন।

বিমান বাহিনীর একজন মুখপাত্র বলেন, “তামিল টাইগার বিমান এলো এবং তিনটি বোমা নিক্ষেপ করল।” তিনি আরও জানান, বোমা তিনটির একটি পড়ে কলম্বো থেকে তিন কিলোমিটার উত্তরের কোলোন্নাওয়া তেল স্থাপনায়। আর অপর দুটি আঘাত হানে শহর থেকে ১০ কিলোমিটার উত্তরের কেরাওয়ালাপিতিয়া তেল ডিপোয়।

মুখপাত্র জানান, কোলোন্নাওয়া তেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি। তবে কেরাওয়ালাপিতিয়া স্থাপনায় কিছু ক্ষতি হয়েছে।

এদিকে এলটিটিই’র একজন মুখপাত্র বলেছেন, অভিযানে দুটি বিমান অংশ নেয় এবং দুটি আলাদা লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে সেগুলো নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে।

স্থানীয় অধিবাসীরা জানান, শহরের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে।

রাডারে সন্দেহজনক বিমান ধরা পড়ার পরপরই সতর্ক হয়ে যায় শ্রীলঙ্কার সেনাবাহিনী।

রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বলেন, “আমি বন্দুক যুদ্ধের শব্দ শুনতে পেয়েছি। শহরের আকাশে ধোঁয়া উড়তেও দেখেছি।”

স্থানীয়রা জানান, দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। কিছু অধিবাসী বলেন, একটি বিমানকে লক্ষ করে গুলি চালাতেও দেখেছেন তারা।

কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রয়টার্সের একজন প্রতিনিধি জানান, যাত্রীদেরকে প্রথমে তাদের বিমান থেকে নেমে যেতে বলা হয়েছিল। তবে পরে আবারও তাদের বিমানে উঠতে বলা হয়।

শ্রীলঙ্কায় একই ধরনের নিরাপত্তা সতর্কতা বৃহস্পতিবার রাতেও নেওয়া হয়েছিল। দক্ষিণ উপকূলে সন্দেহজনক কয়েকটি বিমান চলাচলের খবরের পরিপ্রেক্ষিতে তখন শ্রীলঙ্কা কর্তৃপক্ষ তাদের আন্তর্জাতিক বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল।

ওই বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছিল শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে এলটিটিই’র বিমান থেকে বোমা হামলার পর। গেরিলা গ্রুপটির দ্বিতীয়বারের ওই বিমান হামলায় মারা গিয়েছিল ছয় জন।

এর আগে এলটিটিই’র বিমান শাখা সর্বপ্রথম বিমান হামলা চালায় রাজধানী কলম্বো বিমানবন্দরের পার্শ্ববর্তী শ্রীলঙ্কার বিমান বাহিনীর একটি ঘাঁটিতে।

বিশ্লেষকদের ধারণা, এলটিটিই’র বিমান শাখার কাছে দুই থেকে পাঁচটি লাইট প্রপেলার বিমান রয়েছে।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিলদের জন্য দ্বীপ দেশটি উত্তর ও পূর্বাঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে আসছে এলটিটিই। সে জন্য ১৯৮৩ সালে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত প্রাণহানি হয়েছে প্রায় ৬৮ হাজার লোকের।