২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ঠেকানো যাবে: ওলমার্ট

ইরানের ওপর ১০ দিনে এক হাজার ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে দেশটির বিতর্কিত পরমাণু কর্মসূচি ঠেকানো যাবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। জার্মান পত্রিকা ফোকাসকে দেওয়া এক সাক্ষাতকারে শনিবার একথা বলেন তিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Apr 2007, 06:27 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ইরান জাতিসংঘের নির্দেশ ক্রমাগত উপেক্ষা করতে থাকলে বিকল্প হিসেবে দেশটির বিরুদ্ধে সেনা অভিযান চালানো হতে পারে কিনা সে প্রশ্নের জবাবে ওলমার্ট বলেন, “ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়তো সম্ভব নাও হতে পারে। কিন্তু এক্ষেত্রে দেশটিকে কয়েক বছর পিছিয়ে দেওয়া সম্ভব হবে।”

“এর জন্য প্রয়োজন ১০ দিনের একটি সেনা অভিযান। আর দরকার এক হাজার টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র।”

তবে সেনা অভিযানের আগে দেশটির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখা উচিত বলে মন্তব্য করেন ওলমার্ট।

“আমাদের উচিৎ জাতিসংঘের গৃহীত পদক্ষেপ কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখার সময় দেওয়া। এই মুহূর্তে ইরানের ওপর হামলার কোনো পরিকল্পনা আমাদের নেই।”

পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের দাবি যৌক্তিক কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ওলমার্ট। তিনি বলেন, “আমি মনে করি না, ইরানের নেতারা পরমাণু কর্মসূচি নিয়ে যতোটা বলছেন দেশটি বাস্তবেই ততোটা এগিয়েছে। তাদের ঠেকানোর মতো সময় এখনও আছে আমাদের হাতে।”

ইরান বলে আসছে যে জ্বালানি তৈরির জন্য পরমাণু প্রযুক্তির উন্নয়ন করছে তারা। কিন্তু পশ্চিমের আশঙ্কা, জ্বালানি কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে ইরান। এ বিরোধ নিয়ে ইতিমধ্যেই তেহরানের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।