২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার সত্ত্বেও আল কায়েদার হুমকি শেষ হয়নি: সৌদি আরব

সন্দেহভাজন ১৭২ জন জঙ্গিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সৌদি আরবে আল কয়েদার হুমকি শেষ হয়ে যায়নি এবং সংগঠনটির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে শনিবার একথা জানিয়েছে আরবি দৈনিক আল-রিয়াদ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Apr 2007, 06:12 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

যুবরাজ নায়েফ আরও জানান, তেল স্থাপনা এবং সামরিক ঘাঁটিতে হামলার ব্যর্থ পরিকল্পনার সঙ্গে জড়িত সাতটি সেলের একটির নেতা সন্দেহে এক সৌদিকেও আটক করা হয়েছে।

বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, “দুর্ভাগ্যবশত, তিনি একজন সৌদি। সংগঠনটির সঙ্গে তাকেও গ্রেপ্তার করা হয়।”

যুবরাজ নায়েফ বলেন, “আমরা বলতে পারছি না যে এসব অশুভ হুমকি থেকে মুক্ত হওয়া গেছে। তবে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমরা এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছি। শয়তানের কবল থেকে আমাদের দেশকে মুক্ত করার অভিযান চলছে।”

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানায় তেল ডিপো, সামরিক ঘাঁটি এবং সৌদি আরবের পশ্চিমাপন্থী লোকজনের ওপর সন্দেহভাজন আল কায়েদা সদস্যদের হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে তারা। সংঘবদ্ধ আত্মঘাতী হামলা চালানোর প্রস্তুতির প্রশিক্ষণ নেওয়া কয়েকজন বিমান চালকসহ ১৭২ জন সন্দেহভাজন জঙ্গি আটকেরও দাবি জানায় তারা।

“সৌদি আরবে সন্ত্রাসী তৎপরতা চালাতে যে গ্রুপটি সক্রিয় তা স্পষ্ট,” বলেছেন সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মনসুর আল তুর্কি। তিনি আরও বলেন, সাতটি সেল থেকে সৌদি পুলিশ ১৭২ জন সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে। এদের বেশিরভাগই সৌদি নাগরিক। তবে কয়েকজন বিদেশিও রয়েছে। এরা বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত।”

এছাড়া রাষ্ট্রীয় টেলিভিশনে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সাতটি সশস্ত্র আল কায়েদা সেল থেকে পুলিশ বিপুল পরিমাণ অস্ত্রসহ মোটা অঙ্কের নগদ রিয়েল উদ্ধার করেছে। অনেকেই এসব অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেওয়া শুরু করেছিল। আবার সৌদি আরবে সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার জন্য বিমান ব্যবস্থা পরখ করে দেখতে অনেককে ইতিমধ্যেই অন্য দেশে পাঠানো হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, তাদের অন্যতম লক্ষ্য ছিল সৌদি আরবের ভেতরে-বাইরে সরকারি কর্মকর্তারাসহ বিভিন্ন তেল ডিপো ও সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালানো।

উল্লেখ্য, সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। সন্দেহভাজনরা দলীয় আদর্শে উদ্বুদ্ধ হয়েই এ হামলার পরিকল্পনা করেছিল। এ আদর্শ সাধারণত আল কায়েদার আদর্শকেই বোঝায়।

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে বিমান ছিনতাইকারী ১৯ জনের বেশিরভাগই ছিল সৌদি নাগরিক। আল কায়েদার আদর্শে উদ্বুদ্ধ মুসলিম জঙ্গিরা ২০০৩ সাল থেকে মার্কিন মিত্র সৌদি আরবের তেল ডিপোসহ বিদেশি ও সরকারি স্থাপনাগুলোর ওপর হামলার হুমকি দিয়ে আসছে।