২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহী আনোয়ারের জন্য অগ্নিপরীক্ষার নির্বাচন হচ্ছে মালয়েশিয়ায়

মালয়েশিয়ায় একটি রাজ্য সংসদ নির্বাচনের উপনির্বাচনের ভোটাভুটি হচ্ছে শনিবার। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করতে পারে সরকারবিরোধী রাজনীতিবিদদের নেতা আনোয়ার ইব্রাহীমের রাজনৈতিক ভবিষ্যত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Apr 2007, 04:32 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে সংঘাতের পরিপ্রেক্ষিতে নির্বচনী কেন্দ্রগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে মধ্য সেলেঙ্গর রাজ্যের কৃষিপ্রধান সংসদীয় আসন ইজোকের নির্বাচনী কেন্দ্রগুলোর চারপাশ ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

নির্বাচনী কর্মকর্তারা জানান, ২০০৩ সালে ক্ষমতা গ্রহণের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমদ বাদাবির জন্য সবচেয়ে কঠিন নির্বাচনী পরীক্ষা হিসেবেও বিবেচিত হচ্ছে এ নির্বাচন। আর নির্বাচনের প্রথম দুই ঘণ্টায় সর্বমোট প্রায় ১২০০ যোগ্য ভোটারের মধ্যে ১৪ শতাংশ ভোট দিয়েছেন।

মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের রাজনৈতিক ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ নির্বাচন। যিনি এক ‘রিফরমাসি (সংস্কার)’ আন্দোলনের জন্য ১৯৯৮ সালে গ্রেপ্তার হন এবং সমকামিতাসহ বিভিন্ন অভিযোগে ইতিমধ্যেই ছয় বছর কারাদণ্ড ভোগ করেছেন। তবে ওইসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছেন তিনি।

অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকায় ২০০৮ সালের এপ্রিলের আগে নির্বাচনে দাঁড়ানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে আনোয়ারের। তাই এ নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি। তবে ১০ বছর বাদে কীভাবে আবারও রাজনীতিতে ফিরে আসা যায় সে লক্ষ্যে ক্ষমতাসীন বারিসান দলের এক দারুণ জনপ্রিয় প্রার্থীর বিরুদ্ধে ব্যাপক প্রচারণায় নেমেছেন তিনি। যার ফলে এ নির্বাচনটি বিবেচিত হচ্ছে জাতীয় নির্বাচনের বিকল্প হিসেবে।

বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে যে কেউ জয়লাভ করতে পারেন। তবে বাদাবির জোট একটু এগিয়ে রয়েছে।

গ্রিনিচ মান সময় ১৩০০টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা।

এদিকে সরকারবিরোধীরা জানিয়েছে, শনিবার ভোরে ইজোকের এক সংঘর্ষের পর তাদের তিন সমর্থককে হাসপতালে ভর্তি করা হয়েছে।

আনোয়ারের কাদিলান পার্টির রাজনৈতিক মিত্র ‘পার্টি ইসলাম সে-মালয়েশিয়া (পিএএস)’ এর একজন মুখপাত্র বলেন, বারিসান পার্টির একটি নির্বাচনী শিবির অতিক্রম করার সময় অজ্ঞাত পরিচয় কয়েকজন লোকের হামলায় তিনজন মারাত্মকভাবে আহত হন।

নির্বাচনী কেন্দ্রগুলোর বাইরে ‘রিফরমাসি’ বলে স্লোগান দিতে দেখা যায় সরকারবিরোধী সমর্থকদের। প্রসঙ্গত, ১৯৯০ এর দশকের শেষ দিকে আনোয়ার ইব্রাহীম ‘রিফরমাসি’ নামে ডাক দিয়েছিলেন তার সংস্কার আন্দোলনের।

আনোয়ার ইব্রাহীম এ সপ্তাহে রয়টার্সকে বলেন, উপনির্বাচনে সরকারের ‘অগণতান্ত্রিক’ কৌশলের বিরুদ্ধে লড়ছে তার দল। তবে একটি পরাজয় নষ্ট করতে পারবে না তার রাজনৈতিক ভবিষ্যত।

মালয়েশিয়ার রাজনৈতিক ধারার একটি পরীক্ষা হিসেবেও বিবেচিত হচ্ছে ইজোকের এ উপনির্বাচন। এর ফলাফলের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে পারেন বলেও ধারণা অনেকের।

২০০৯ সালের আগে মালয়েশিয়ায় একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা নয়। তবে ধারণা করা হচ্ছে, আনোয়ার যাতে পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে না পারেন সে লক্ষ্যে তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগেভাগেই সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী বাদাবি।