২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-মার্কিন পরমাণু চুক্তি এগিয়ে নিতে এ সপ্তাহে বৈঠক

বহুল আলোচিত ভারত মার্কিন পরমাণু সহযোগিতা চুক্তি সম্পাদনে মতপাতর্থক্য দূর করতে আরেক দফা বৈঠকে বসছেন দেশ দুটির কর্মকর্তারা। এ লক্ষ্যে ওয়াশিংটনে সোম ও মঙ্গলবার মুখোমুখি হচ্ছেন উপসহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস এবং ভারতের পররাষ্ট্র সচিব শিব শংকর মেনন। তবে অগ্রগতির বিষয়ে খুব একটা আশাবাদী নন বার্নস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Apr 2007, 04:10 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

নিকোলাস বার্নস বলেছেন, “আমরা মনে করি, ভারত সরকার চুক্তি সম্পাদনের বিষয়টি অর্জন করতে চাইবে।”

কিন্তু গত কিছু দিনে কয়েক দফা বৈঠক করেও দুই সরকারের মধ্যকার মতপার্থক্য দূর করতে পারেনি এ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটিগুলো।

কর্মকর্তা পর্যায়ের আলোচনা সম্পর্কে বার্নস বলেন, “এ বৈঠকে অগ্রগতির মাধ্যমে একটি পূর্ণাঙ্গ চুক্তি সম্পাদনে যৌথ উদ্যোগ তরান্বিত করাই আমাদের লক্ষ্য।”

বহুল বিতর্কিত এ পরমাণু সহযোগিতা চুক্তি সম্পাদিত হলে মার্কিন পরমাণু জ্বালানি ও পরমাণু চুল্লিসহ কাঁচামাল ও প্রযুক্তি লাভে সক্ষম হবে ভারত। দেশটির সামনে গত ৩০ বছরের মধ্যে এটাই এ ধরনের প্রথম সুযোগ।

কিন্তু ভারতের পরমাণু পরীক্ষা চালানো এবং পরমাণু প্রক্রিয়াজাতকরণ কর্মসূচি অব্যাহত রাখা বিতর্কে যুক্তরাষ্ট্র কংগ্রেসের বিধিনিষেধ শিথিল করতে অপারগ বুশ প্রশাসন। একইভাবে রাজনৈতিক চাপের কারণে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিঙের জন্যও আপোষের সুযোগ খুবই কম।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বলেছেন, “কোনো বাধাই অনতিক্রম্য নয়।” কিন্তু কোনো কোনো মার্কিন বিশেষজ্ঞের ধারণা, ২০০৯ সালের জানুয়ারিতে বুশের মেয়াদ শেষ হওয়ার আগে এ চুক্তি সম্পাদনের সুযোগ নেই বললেই চলে।