২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক দশকে চিরতরে বদলে গেছে ব্রিটেন: ব্লেয়ার

নিজের এক দশকের শাসনামলে ব্রিটেনকে চিরতরে বদলে দেওয়ার দাবি করলেন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ক্ষমতাসীন শ্রমিক দলের আইনপ্রণেতাদের উদ্দেশ্যে নিজের শেষ বক্তব্যে ব্লেয়ার বলেন, ইতিহাসই সাক্ষী দেবে ইরাক যুদ্ধে তার সমর্থন সঠিক ছিল কিনা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Apr 2007, 03:44 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

প্রচারমাধ্যমগুলো ব্লেয়ারের লিখিত এ বক্তব্যকে তার ‘শেষ ইচ্ছা ও স্বীকারোক্তি’ বলে আখ্যায়িত করেছে। তার এ বক্তব্য শুক্রবার রয়টার্সের হাতে আসে।

১ মে ব্লেয়ারের ক্ষমতা গ্রহণের এক দশক পূর্তি হচ্ছে। এরপর ৩ মে ব্রিটেনে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে ভোটাররা শ্রমিক দলকে প্রত্যাখান করবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। এরপরই ব্লেয়ার দলের প্রধানের পদ ত্যাগের ঘোষণা দিতে পারেন।

তবে ব্লেয়ার ওই বক্তব্যে নিজের সিদ্ধান্তের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। এতে তিনি সমালোচকদের দাঁতভাঙা জবাবও দেন।

লিখিত বক্তব্যের সঙ্গে দেওয়া এক চিঠিতে ব্লেয়ার বলেন, তার নেতৃত্বধীন সংস্কারপন্থী ‘নয়া শ্রমিক দল’ সরকার এ ধারণা দেওয়ারই চেষ্টা করেছে যে সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক সমৃদ্ধির মধ্যে কোনো বিরোধ নেই।

“এক দশক ধরে এটাই হলো ব্রিটিশ সরকারের শাসনের মূলমন্ত্র। ক্ষমতা গ্রহণে আগ্রহী প্রতিদ্বন্দ্বী সবাইকেই এটা মেনে নিতে হবে। এ কারণেই আমাদের অর্জনগুলো স্থায়ীত্ব পেয়েছে। কারণ, আমাদের রাজনীতির ভিত্তি বদলে গেছে।”

মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে ইরাক যুদ্ধে সমর্থন দিয়ে ব্যাপকভাবে সমালোচিত হন ব্লেয়ার। নিজের ও দলের জনপ্রিয়তায় ভাটা পড়ে। এরপরই এ নিয়ে মোটেই অপরাধবোধে ভুগছেন না তিনি। এর জন্য ক্ষমাও চাননি।

বরং তিনি বলেন, “ইতিহাস সাক্ষী দেবে আমাদের ওই নীতি সঠিক ছিল কিনা। আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল ব্রিটেনের দীর্ঘমেয়াদী পুনর্গঠন এবং আরও নিরাপত্তার বোধ সৃষ্টি করা।”

ব্লেয়ারের ওই বক্তব্যে এটা স্পষ্ট যে তিনি মনে করেন, তার শাসনামলে ব্রিটেনে যেসব পরিবর্তন এসেছে সেগুলো স্থায়ী এবং বিরোধী রক্ষণশীলরা ক্ষমতায় এলেও এগুলোর পরিবর্তন হবে না।

এদিকে ব্রিটেনের পত্রিকার খবরে বলা হয়, উপদেষ্টারা ব্লেয়ারকে পরামর্শ দিয়েছেন ৩ মের নির্বাচনের আগেই নিজ পদ ত্যাগের ঘোষণা দেওয়ার। তবে তার এক মুখপাত্র এ খবর অস্বীকার করেছেন। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের পরদিন ব্লেয়ার পদত্যাগ করতে পারেন।

তবে শ্রমিক দলের কয়েকজন সদস্যের ধারণা, উত্তর আয়ারল্যান্ডের ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টরা ৮ মে থেকে ক্ষমতা ভাগাভাগি শুরু করার পর ব্লেয়ার পদত্যাগ করতে পারেন। দুই পক্ষের মধ্যে শান্তি স্থাপনে মধ্যস্থতা করেছিলেন তিনি।