২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা প্রত্যাহার পরিকল্পনায় ভেটো দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন বুশ

ইরাক থেকে সেনা প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া সংক্রান্ত একটি বিলে ভেটো দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। তবে ডেমোক্রেট নেতারা তাকে বিলটিতে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Apr 2007, 03:09 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা প্রয়োগের হুমকি সত্ত্বেও ডেমোক্রেট নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেস এ সপ্তাহে ১২ হাজার ৪০০ কোর্টি মার্কিন ডলারের যুদ্ধব্যয় সংক্রান্ত বিলটির অনুমোদন করেছে। ওই বিলে ২০০৭ সালের ১ অক্টোবর থেকে ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরুর শর্ত জুড়ে দিয়েছেন ডেমোক্রেট নেতারা।

ওয়াশিংটনে বুশ সাংবাদিকদের বলেন, “আমি দুঃখিত এজন্য যে বিলটির পরিণতি এমন হয়েছে। আমি এজন্য দুঃখিত যে বিষয়টি এ পর্যায়ে পৌঁছেছে। তবে এটা কখনওই সফল হবে না এবং এতে ভোটো দেওয়া হবে।”

এদিকে সিনেটের ডেমোক্রেট নেতারা বুশকে তার ভেটো ক্ষমতা প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তারা বুশকে আহ্বান জানিয়েছেন বিষয়টি যত্নসহকারে বিবেচনা করার।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নেভাদার ডেমোক্রেট হ্যারি রিড বলেন, তিনি মনে করেন যে ভেটো দেওয়া হলেও আলাপ-আলোচনার ভিত্তিতে একটি আপোষে পৌঁছানোর সুযোগ রয়েছে প্রেসিডেন্টের।

বিষয়টি নিয়ে আইনপ্রণেতাদের সঙ্গে আরও আলোচনা সংক্রান্ত বুশের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “আমি মনে করি, প্রেসিডেন্টের গত কয়েক দিনের বক্তব্য লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এ ব্যাপারে তারা খুবই প্রতিশ্রুতিশীল।”

তিনি আরও বলেন, “আমি অন্তত যা বুঝতে পারছি তা হলো, প্রেসিডেন্ট তার সুর পাল্টেছেন। এ বিষয়ে তিনি দাম্ভিক আচরণ করছেন। তার উচিত হবে দাম্ভিকতা ছেড়ে বিলটিতে স্বাক্ষর করা।”

মার্কিন সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম ওদমও বিলটিতে বুশকে স্বাক্ষরের আহ্বান জানিয়ে বলেছেন, প্রেসিডেন্টের জন্য এটা হবে ‘বিরল এক সাহাসী পদক্ষেপ’।

এর আগে বৃহস্পতিবার সিনেটে বিলটি অনুমোদিত হওয়ার পর ক্যাম্প ডেভিডে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বুশ বলেন, ডেমোক্রেটদের বিল মার্কিন জেনারলদের হাতকড়া পরাবে। আর তাই সেনা প্রত্যাহার সংক্রান্ত সময়সীমা থাকলে দ্বিতীয় বিলটিতে তিনি ভেটো দেবেন বলে জানান বুশ।

বুশ বলেন, “আমি যে বিষয়টিকে অগ্রহণযোগ্য বলেছি, তারা যদি সেটির বিষয়ে আবারও চেষ্টা করেন তবে অবশ্যই তাতে ভেটো দেব। তবে আমি আশা করছি, এটা সে পর্যায়ে যাবে না। আমি বিশ্বাস করি, আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারবো।”

এদিকে ইরাক অভিযানের প্রধান কাজ শেষ হওয়ার ঘোষণার চতুর্থ বর্ষপূর্তির দিন আগামী মঙ্গলবার হোয়াইট হাউজে বিলটি পাঠানোর অঙ্গীকার করেছেন ডেমোক্রেটরা।

ওই ঘোষণার পর থেকে আজও ইরাকের সহিংসতা থামেনি এবং সেখানে নিহত মার্কিন সেনা সংখ্যা তিন হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। তাছাড়া অনেকের ধারণা, গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের ওপর থেকে রিপাবলিকান দলের নিয়ন্ত্রণ হারানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ক্রমবর্ধমান হারে জনপ্রিয়তা হারানো এ যুদ্ধ।

এদিকে হোয়াইট হাউজ মুখপাত্র স্কট স্টানজেল জানিয়েছেন, সেনাদের তহবিল পাওয়া যাচ্ছে কিনা তা নিশ্চিত হতে আলোচনা করার জন্য প্রেসিডেন্ট বুশ কংগ্রেসের ডেমোক্রেট ও রিপাবলিকান নেতাদের আগামী বুধবার হোয়াইট হাউজে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

আমন্ত্রণ পাওয়ার পরপরই রিপাবলিকান নেতারা তা গ্রহণ করেন। আর হ্যারি রিড ও প্রতিনিধি পরিষদের স্পিকার ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট ন্যান্সি পেলোসি জানিয়েছেন যে তারা বৈঠকে অংশ নেবেন।

অন্যদিকে ২০০৮ সালে নভেম্বরে নির্বচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী আট ডেমোক্রেট প্রার্থী বৃহস্পতিবার তাদের প্রথম বিতর্কে ইরাক থেকে দ্রুত সেনা প্রত্যাহারের বিষয়ে একমত হয়েছেন।

ইরাক ও আফগানিস্তানের জন্য জরুরি যুদ্ধ তহবিল বরাদ্দের অনুমোদন দেওয়া এ বিলটি বৃহস্পতিবার ৫১-৪৬ ভোটে পাস হয় মার্কিন সিনেটে। এর আগে বুধবার ডেমোক্রেট দলের নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদে সামান্য ব্যবধানে বিলটি অনুমোদিত হয়। এর পক্ষে-বিপক্ষে ভোট পড়ে যথাক্রমে ২১৮ ও ২০৮। কিন্তু প্রেসিডেন্টের ভেটো ক্ষমতাকে হারিয়ে দেওয়ার মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা অর্জনে ডেমোক্রেটরা ব্যর্থ হবেন বলেই মনে করা হচ্ছে। কেননা, প্রতিনিধি পরিষদ ও সিনেট-দুটোতেই মূলত দলীয় বিবেচনার ভিত্তিতেই ভোট দিয়েছেন সদস্যরা।

প্রতিনিধি পরিষদের প্রস্তাবিত যুদ্ধব্যয় সংক্রান্ত বিলের নতুন এ সংস্করণ প্রথমটির মতো কঠোর নয়। বরং এতে ডেমোক্রেটরা তুলনামূলক নমনীয় অবস্থান নিয়েছেন। প্রথম বিলে ২০০৮ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছিল। নতুন বিলে ২০০৮ সালের ৩১ মার্চের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে, তবে এর সঙ্গে কোনো ধরনের বাধ্যবাধকতার শর্ত জুড়ে দেওয়া হয়নি।