উলফোভিচ ও রিজা বিশ্ব ব্যাংক প্যানেলের সামনে হাজির হবেন সোমবার
বান্ধবীকে পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়া সংক্রান্ত কেলেঙ্কারীতে জড়িয়ে পদত্যাগের চাপের সম্মুখীন বিশ্ব ব্যাংক প্রধান পল উলফোভিচ সংস্থাটির একটি বিশেষ প্যানেলের সামনে হাজির হবেন সোমবার। একইসঙ্গে ওই প্যানেলের সামনে হাজির হচ্ছেন তার বান্ধবী শাহা রিজাও।
উলফোভিচের আইনজীবী রবার্ট বেনেট রয়টার্সকে বলেন, “সোমবার সকালে তিনি ওই পরিষদের সামনে হাজির হবেন এবং স্বাথের্র সংঘাত থাকার বিষয়ে যেসব অভিযোগ করা হয়েছে তার যে কোনো প্রকার মূল্য নেই সে সম্পর্কে তাদের কাছে একটি পূর্ণ বিবরণ তুলে ধরবেন।”
উলফোভিচের আইনজীবী বেনেটও সে সময় উপস্থিত থাকবেন। তবে পরিষদের কাছে তিনি কোনো কিছু উপস্থাপন করতে পারবেন না। বিশ্ব ব্যাংকের শেয়ার হোল্ডাররা গত সপ্তাহে এ পরিষদ গঠন করেছেন। উলফোভিচ তার বান্ধবী শাহ রিজার পদোন্নতির বিষয়ে নৈতিক বা অন্য কোনো আইন লঙ্ঘন করেছেন কিনা তা যাচাই করে দেখবে পরিষদ।
বেনেট আরও জানান, রিজার আইনজীবী ভিক্টোরিয়া তোয়েনসিং তাকে জানিয়েছেন যে তার মক্কেলও পরিষদের সামনে হাজির হবেন। তবে রিজার হাজির হওয়া সম্পর্কে জানার জন্য তোয়েনসিংয়ের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
এদিকে উলফোভিচকে ঘিরে বর্তমান সঙ্কটের ফলে সংস্থাটির কাজকর্মে যে প্রভাব পড়ছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। উলফোভিচ এবং ব্যাংকের নির্বাহী পরিষদের কাছে বৃহস্পতিবার পাঠানো এক চিঠিতে তারা বলেছেন, এ সঙ্কটের ফলে বিভিন্ন দেশে বিশ্বাসযোগ্যভাবে দুর্নীতিবিরোধী কার্যক্রম চালাতে পারছেন না তারা।
বিশ্ব ব্যাংকের ৩২ জন কর্মকর্তা স্বাক্ষর করেছেন এ চিঠিটিতে। তবে চিঠিটির খসড়া প্রস্তুতকারী এক কর্মকর্তা জনিয়েছেন, ৫০ জনেরও বেশি কর্মকর্তার সমর্থন আছে এ উদ্যোগে।
চিঠিতে বলা হয়েছে, “সুশাসনের জন্য সরকারগুলোকে যে পরামর্শ দেওয়া হয়, নিজেরাই তা মেনে চলতে না পারায় অত্যন্ত যুক্তিসঙ্গত নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের।”
বিশ্বসযোগ্যতা হারানোর কারণে ব্যাংক প্রধানের পদ থেকে পদত্যাগের দাবিতে কর্মকর্তা-কর্মচারী পরিষদের আহ্বানের পর এবার এ চিঠি দিলেন শীর্ষ স্থানীয় কর্মকর্তারা।
জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স, নরওয়ে ও সুইটজারল্যান্ডসহ বিশ্ব ব্যাংকের বেশ কয়েকটি দেশ এর মধ্যেই প্রশ্ন তুলেছে, এতোকিছুর পরও বিশ্ব ব্যাংককে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা উলফোভিচের আছে কি না তা নিয়ে।
