২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ন্যাটোর বিমান হামলায় ১৩ তালেবান বিদ্রোহী নিহত

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে ন্যাটোর এক বিমান হামলায় ১৩ তালেবান বিদ্রোহী নিহত হয়েছে। বিদ্রোহীরা একটি জেলা পরিষদ সদর দপ্তরে হামলা চালানোর চেষ্টা করলে এ ঘটনা ঘটে। শনিবার প্রাদেশিক কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Apr 2007, 12:20 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

খোস্ত প্রদেশের গভর্নর আরসালা জামাল জানান, পাকিস্তান সীমান্তের কাছে আলি শের জেলার সরকারি সদর দপ্তরে শুক্রবার রাতে তালেবানদের হামলার পর বিমান হামলার জন্য ন্যাটো বাহিনীকে ডাকা হয়েছিল।

খোস্ত শহরে তিনি সাংবাদিকদের বলেন, “পাল্টা বোমা হামলায় মারা যায় তালেবান সদস্যরা।”

এক জেলা কর্মকর্তা জানান, ওই ঘটনায় আফগানিস্তানের পাঁচ পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তা আহত হয়।

স্থানীয় জেলা পরিষদ সদর দপ্তরে ২৪ ঘণ্টার মধ্যে তালেবানদের দ্বিতীয় দফা হামলা প্রচেষ্টা ছিল এটি। আফগানিস্তানের পশ্চিমা-সমর্থিত সরকার এবং তাদের সাহায্যকারী বিদেশী সেনাদের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়ে যাচ্ছে তালেবান বিদ্রোহীরা।

২০০১ সালে আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনে তালেবান সরকারের পতনের পর গত বছরই ছিল দেশটির সবচেয়ে রক্তক্ষয়ী বছর। তবে শীতের পর সাম্প্রতিক সপ্তাহগুলোতেও সেখানে সহিংসতা বেড়ে গেলেও তালেবান হামলা এখনো পুরোমাত্রায় শুরু হয়নি বলে ধারণা করা হচ্ছে।

পৃথক ঘটনায় শুক্রবার রাতে দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশে এক সংঘর্ষে কমপক্ষে ছয় তালেবান এবং চার পুলিশ সদস্য নিহত হয়। প্রাদেশিক পুলিশ প্রধান এ খবর জানান।

এছাড়া বৃহস্পাতিবার রাতে কাবুলের ১৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের গিরু জেলার একটি সরকারি সদর দপ্তর দখল করে তালেবান গেরিলারা সেখানকার শীর্ষ প্রসাশক, পুলিশ প্রধান ও তিন পুলিশ সদস্যকে হত্যা করে।