শ্রীলঙ্কার কারুণা দল প্রতিশ্রুতি রক্ষা করছে না: ইউনিসেফ
শ্রীলঙ্কায় কর্নেল কারুণার নেতৃত্বাধীন গেরিলা দল শিশুযোদ্ধা নিয়োগ বন্ধের প্রতিশ্রুতি পূরণে আন্তরিক নয় বলে শুক্রবার অভিযোগ করেছে জাতিসংঘ শিশু অধিকার সংস্থা ইউনিসেফ।
এলটিটিই (লিবারেশন টাইগারস অব তামিল ইলম) থেকে বেরিয়ে আসা কারুণা দলকে শ্রীলঙ্কা সরকার সমর্থন দিচ্ছে বলেই মনে করা হয়। কারুণা গ্রুপ ২০০৪ সালে এলটিটিই থেকে বেরিয়ে আসে।
ইউনিসেফ গত সপ্তায় শিশু যোদ্ধা নিয়োগ বন্ধের বিষয়টি খতিয়ে দেখতে কারুণার নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে তদন্ত দল পাঠায়। কিন্তু চিহ্নিত এলাকাগুলোতে তদন্ত করতে বাধার সম্মুখীন হতে হয়েছে বলে ইউনিসেফ অভিযোগ করেছে।
‘কারুণার দল প্রতিশ্রতি রক্ষা করছে না’-এমন ইঙ্গিত দিয়ে ইউনিসেফের মুখপাত্র এন্ড্রু ব্রুকস বলেন, “তাদের কার্যকলাপ স্পষ্ট নয়। তারা লড়াইয়ে শিশুযোদ্ধা নিয়োগ বন্ধের প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে বলে মনে হচ্ছে। অথচ গত নভেম্বরে শ্রীলঙ্কায় জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশনের পর কর্নেল কারুণা দলে শিশুযোদ্ধা নিয়োগ বন্ধে সহযোগিতা করারই আশ্বাস দিয়েছিলেন।”
ব্রুকস আরো বলেন, “ওই আশ্বাস দেয়ার পর এ পর্যন্ত কারুণা গ্রুপ মাত্র কয়েকজন শিশুকে মুক্তি দিয়েছে। এটি খুবই দু:খজনক। আমরা এখনো দলে শিশুযোদ্ধা নিয়োগের খবর পাচ্ছি। এটি শ্রীলঙ্কার শিশুদের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে।”
