কর্মক্ষেত্রে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতি বছর মারা যান ২ লাখ মানুষ
কর্মক্ষেত্রে মূলত নিঃশ্বাসের সঙ্গে অ্যাজবেস্টস ফাইবার এবং সহকর্মীদের সিগারেটের ধোঁয়া গ্রহণের মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতি বছর অন্তত দুই লাখ মানুষ মারা যান। শুক্রবার জেনেভায় প্রকাশিত এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের ওই সংস্থাটি জানায়, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের প্রতি ১০ জনের একজন কর্মক্ষেত্রগত তৎপরতায় ক্যান্সারে আক্রান্ত হন। বিশ্বের প্রায় সাড়ে ১২ কোটি মানুষ কর্মক্ষেত্রে বসে নিঃশ্বাসের সঙ্গে অ্যাজবেস্টস গ্রহণ করেন, যাদের অন্তত ৯০ হাজার প্রতি বছর মারা যান।
এছাড়া কর্মক্ষেত্রে, বিশেষত রাসায়নিক ও হীরা শিল্পে ব্যাপক হারে ব্যবহৃত রাবার, রং, ওষুধ ও কীটনাশকের জৈব উপাদান হিসেবে ব্যহৃত বেনজিন নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করে লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে মারা যান আরও কয়েক হাজার মানুষ। ধূমপানমুক্ত পরিবেশে থাকা সত্ত্বেও যে সংখ্যক মানুষ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহন করেন তার দ্বিগুন পরিমাণ ঝুঁকি বহন করেন সহকর্মীর সিগারেটের ধোঁয়া গ্রহণকারীরা।
ডাব্লিউএইচওর জনস্বাস্থ্য ও পরিবেশ বিভাগের পরিচালক মারিয়া নেইরা ওই বিবৃতিতে বলেন, “এটা সুস্পষ্ট যে আমরা জানি এবং প্রতিরোধ করতে পারে এমন তৎপরতা প্রতি বছর হাজার হাজার মানুষের ক্যান্সারে আক্রান্ত হওয়ার জন্য দায়ি।”
ডাব্লিউএইচও ওই বিবৃতিতে কর্মীদের স্বার্থে নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করার জন্য সরকার ও শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে। এতে বলা হয়, অ্যাজবেস্টসের ব্যবহার বন্ধ, বেনজিনমুক্ত জৈব পদার্থ ব্যবহার এবং কর্মক্ষেত্রে ধূমপান নিষিদ্ধ করা গেলে প্রতি বছর অপ্রয়োজনীয় হাজারো মৃত্যু রোধ করা সম্ভব।
