২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান জেলা কার্যালয় তালেবানদের দখলে, নিহত ৫

আফগানিস্তানের তালেবান জঙ্গিরা ‘গিরু’ জেলার সরকারি সদরদপ্তর দখল করে শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাসহ ৫ জনকে হত্যা করেছে। বাকীদের মধ্যে আছেন, গিরু জেলার পুলিশ প্রধান ও তিন পুলিশ। ঊর্ধ্বতন প্রাদেশিক কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Apr 2007, 05:58 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

তালেবানরা বরাবরই আফগানিস্তানের পশ্চিমা-সমর্থিত সরকার এবং বিদেশি সেনাদের বিরুদ্ধে হামলা জোরদারের হুমকি দিয়ে আসছে। এই হুমকিরই ধারাবাহিকতায় তারা কাবুলের ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমের গিরু জেলায় বৃহস্পতিবার এ হামলা চালালো বলে মনে করা হচ্ছে।

গজনী প্রদেশের ডেপুটি গভর্নর মোহম্মদ কাজিম আল্লাহইয়ার বলেন, “জেলাটি এখনো তালেবানদের দখলে। আমরা এটি পুনরায় দখলে নেয়ার প্রস্তুতি নিচ্ছি।”

আফগানিস্তানে সম্প্রতি সহিংসতা বেড়েছে। তবে বিদেশি সেনাদের সঙ্গে সংঘর্ষ কিংবা বড় ধরনের গেরিলা তৎপরতার তুলনায় এখানে বেশি ঘটছে আত্মঘাতী কিংবা রাস্তায় পেতে রাখা বোমা হামলার ঘটনা।

ন্যাটো সেনা ও আফগান সরকারের ভাষ্য, তালেবানরা মরিয়া হয়েই এ ধরনের হামলার আশ্রয় নিচ্ছে। ওদিকে, তালেবানদের মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ আফগান সরকারের ৮ সদস্যকে হত্যার দাবি করেছেন।

স্যাটেলাইট টেলিফোনে ইউসুফ বলেন, “ তালেবান যোদ্ধারা জেলার প্রশাসনিক প্রধান, পুলিশ প্রধানসহ আফগান সরকারের ৮ সদস্যকে হত্যা করেছে।” তিন পুলিশকেও আটক করার দাবি করেন তিনি। আর গিরু জেলা দখলের লড়াইয়ে মাত্র দু’জন তালেবান আহত হয়েছে বলে জানান ইউসুফ।