আফগানিস্তানে দীর্ঘমেয়াদী সেনা অবস্থানের পরিকল্পনা নেই: ফ্রান্স
আফগানিস্তানে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতির কোনো পরিকল্পনা নেই ফ্রান্সের। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ্পে দস্তে ব্লসে শুক্রবার একথা জানান। সেনা প্রত্যাহারের বিনিময়ে আফগানিস্তানে ফরাসী জিম্মি মুক্তির জন্য তালেবানদের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগমুহূর্তে তিনি একথা বললেন।
ইউরোপ-ওয়ান রেডিওকে দেওয়া সাক্ষাতকারে ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী ডানপন্থী নিকোলাস সারকোসিকে সমর্থন করেন ব্লসে। তিনি বলেন, “সারকোসি ঠিকই বলেছেন যে আফগানিস্তানে মোতায়েন প্রায় এগারশ সেনাকে দীর্ঘদিন সেখানে ফেলে রাখার কোনো কারণ নেই।”
“আমি মনে করি তিনি সম্পূর্ণ ঠিক। আর এটা প্রেসিডেন্ট শিরাকের নীতিরই অনুগামী।”
তিনি আরও বলেন, জিম্মি সঙ্কটের আগে এর মধ্যেই বিশেষ বাহিনীর ২০০ সেনাকে প্রত্যাহার করে নিয়েছে ফ্রান্স।
ব্লসে বলেন, “একটি দেশে দীর্ঘদিন ধরে সেনা ফেলে রাখার কোনো কারণ নেই ফ্রান্সের। তাছাড়া সার্বভৌমত্ব, ভূখণ্ডগত ঐক্য এবং জাতীয় স্বাধীনতার প্রতি ফ্রান্সের দৃষ্টিভঙ্গির সঙ্গেও এটা সামঞ্জস্যপূর্ণ নয়।”
এপ্রিলের শুরুতে আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে দুই ফরাসী সাহায্য কর্মীকে জিম্মি করে তালেবানরা। সেনা প্রত্যাহার করা না হলে তাদের হত্যার হুমকি দিয়ে ২০ এপ্রিল এক সপ্তাহের সময় বেঁধে দেয় তালেবানরা।
