দ্বিতীয় বিশ্বযুদ্ধে যৌন দাসত্বের ক্ষতিপূরণ দাবি জাপানের সর্বোচ্চ আদালতে নাকচ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাদের হাতে অপহরণ এবং যৌন দাসত্বের শিকার দুই চীনা নারীর ক্ষতিপূরণের দাবি শুক্রবার নাকচ করে দিয়েছে জাপানের সর্বোচ্চ আদালত।
২০০৫ সালে টোকিওর উচ্চ আদালত তাদের ক্ষতিপূরণের দাবি নাকচ করে দিলে সর্বোচ্চ আদালতে এ আপিল করেন ওই চীনা নারীরা। কিন্তু দেশটির সর্বোচ্চ আদালত উচ্চ আদালতের রায়কেই বহাল রাখে।
তবে টোকিওর উচ্চ আদালত সে সময়ে এ স্বীকৃতি দিয়েছিল যে ওই নারীদের যৌনবৃত্তিতে বাধ্য করেছিল জাপানি সেনারা। তবে ক্ষতিপূরণের বিষয়টি চীনের সঙ্গে ১৯৫২ সালের এক শান্তি চুক্তিতে সমাধা হয়ে গেছে উল্লেখ করে বর্তমানে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না বলে জানায় আদালত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সেনাদের যৌন নিপীড়ন বিষয়ে মন্তব্যের জন্য সম্প্রতি কঠোর সমালোচনার মুখে পড়েন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। মার্চ মাসে তিনি বলেছিলেন, নারীদের অপহরণের সঙ্গে সরকারি সেনাদের জড়িত থাকার কোনো প্রমাণ নেই।
অবশ্য সে সময়ে তাদের দুর্দশার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান আবে। তিনি বলেন, ১৯৯৩ সালে জাপান সরকারের এ সংক্রান্ত এক বিবৃতির সঙ্গে পুরোপুরি একমত তিনি এবং এজন্য নতুন করে ক্ষমা চওয়ার কোনো সুযোগ নেই।
