ব্রিটেনের স্থানীয় নির্বাচনে রক্ষণশীলরা এগিয়ে
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে শ্রমিক দলের চেয়ে এগিয়ে আছে রক্ষণশীল দল।
টনি ব্লেয়ার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর অর্থমন্ত্রী গর্ডন ব্রাউনের নেতৃত্বাধীন শ্রমিক দলের জন্য এ নির্বাচনের ফলাফল একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। নির্বাচনের এক সপ্তাহ আগে এক জরিপের ফলাফলে শুক্রবার একথা জানিয়েছে দি ডেইলি টেলিগ্রাফ পত্রিকা।
‘দি ইউগভ’ নামে এ জরিপের ফলাফল ছাপিয়ে টেলিগ্রাফ পত্রিকাটি জানায়, গত ২০ বছরের মধ্যে স্থানীয় নির্বাচনে শ্রমিক দলের সবচেয়ে বাজে অবস্থা এবারই। আগামী বৃহস্পতিবার ইংল্যান্ড ও স্কটল্যান্ডের স্থানীয় পরিষদগুলোতে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর স্কটল্যান্ডের পার্লামেন্ট এবং ওয়েলসের অ্যাসেম্বলিতেও নির্বাচন হওয়ার কথা।
১৯৮০ এর দশকে মার্গারেট থ্যাচার প্রধানমন্ত্রী হওয়ার পর বহু বছরের মধ্যে এবারই প্রথম রক্ষণশীল দল টানা ১২ মাস ধরে জনপ্রিয়তায় শ্রমিক দলের চেয়ে এগিয়ে আছে।
দলগুলো ভোটারদের মাঠে টানার চেষ্টা করতে থাকায় ক্রমশ নির্বাচনমুখী হয়ে উঠছে ব্রিটেনের রাজনীতি। গত মাসের চেয়ে দুই ভাগ কম হলেও রক্ষণশীল দলের সমর্থন এখন ৩৭ শতাংশ। অন্যদিকে, শ্রমিক দলের অবস্থা অপরিবর্তিত থেকে ৩২ শতাংশেই রয়ে গেছে। ছোট বিরোধী দল উদার গণতন্ত্রীদের সমর্থন বেড়ে হয়েছে ১৮ শতাংশ।
ক্যামেরনের নেতৃত্বে রক্ষণশীল সরকার, না কি ব্রাউনের নেতৃত্বে শ্রমিক দলের-কোনটি বেছে নেবেন এমন এক প্রশ্নের উত্তরে ৪৫ শতাংশ বলেছেন রক্ষণশীলদের পক্ষে। আর ৩৫ শতাংশ মত দিয়েছেন শ্রমিক দলের পক্ষে।
এপ্রিল মাসের ২৩ থেকে ২৬ তারিখের মধ্যে দুই হাজার ১৯ জন প্রাপ্তবয়স্ক ব্রিটিশ নাগরিকের ওপর এ জরিপ চালায় ইউগভ।
