আলজেরিয়ায় আল-কায়েদার শীর্ষ নেতা নিহত
উত্তর আফ্রিকার আল-কায়েদা শাখার ২য় শীর্ষ নেতা সামির মুসাবকে বৃহস্পতিবার হত্যা করেছে আলজেরিয়ার সেনাবাহিনী। আলজেরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিএস কয়েকটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে।
এপিএস জানিয়েছে, আলজিয়ার্সের ৫০ কিলোমিটার পূর্বে বুমারডেস এলাকায় টহলরত সেনাদের সঙ্গে সংঘর্ষে সামির মুসাব ওরফে সামির সৈয়দ নিহত হয়েছেন।
মুসলিম বিদ্রোহীদের সাধারণ ক্ষমার আওতায় আল-কায়েদা গ্রুপের সাবেক সদস্যদের কাছ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে মুসাবের অবস্থান চিহ্ণিত করা হয়।
আল-কায়েদার উত্তর-আফ্রিকা শাখা আল-কায়েদা ইন ইসলামিক মাগরেব-এর নেতৃত্ব দিচ্ছেন আব্দুলমালেক দ্রাউদকেল। তার পূর্বসূরি নাবিল সারাওহি ২০০৩ সালে সেনাবাহিনীর হাতে নিহত হন।
‘সালাফিস্ট গ্রুপ ফর প্রিচিং এন্ড কনভার্ট’ এরই নাম পরিবর্তন করে আল-কয়েদার ওই দলের নাম হয়েছে আল-কায়েদা ইন ইসলামিক মাগরেব। ১১ এপ্রিলে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দু’দফা বোমা হামলার দায় স্বীকার করেছে এই দলটি। ওই হামলায় ৩৩ জন নিহত হয়।
