২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন নিয়ে বুশের সঙ্গে আলোচনা করতে পারেন পোপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সঙ্গে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বাড়ার বিষয়ে আলোচনা করতে পারেন পোপ ষোড়শ বেনেডিক্ট। ভ্যাটিকানের এক ঊর্র্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার এমন ইঙ্গিত দিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Apr 2007, 02:55 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

তিনি বলেন, আগামী জুন মাসে বুশের ইউরোপ সফরের সময় তার কাছে আশঙ্কাজনক এ বিষয়টি উত্থাপন করা উচিত পোপের।

ভ্যাটিকানের উদ্যোগে জলবায়ু পরিবর্তন নিয়ে বিজ্ঞানীদের এক সম্মেলনের পর তিনি একথা বলেন। ওই সম্মেলন শেষে কার্ডিনাল রেনাটো মার্টিনো সাংবাদিকদের বলেছেন, ইচ্ছাকৃতভাবে পরিবেশ দূষণ করা যে পাপ সে বিষয়টি নিজ নিজ ধর্মানুসারীদের বলা উচিৎ পৃথিবীর সব ধর্মগুরুদের।

বুশ জুন মাসে জি-এইট সম্মেলনে যোগ দিতে ইউরোপ সফরে এসে ভ্যাটিক্যানে পোপ বেনডিক্টের সঙ্গে দেখা করবেন। এ সম্মেলনে জি-এইটের বর্তমান প্রেসিডেন্ট জার্মানি জলবায়ু পরিবর্তন রোধে একটি আর্ন্তজাতিক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করবে।

পরিবেশর মত সামাজিক বিষয়ে পোপের মুখপাত্র ও ভ্যাটিক্যানস পোন্টিফিকাল কাউন্সিল ফর জাস্টিস অ্যান্ড পিসের প্রধান মার্টিনো বলেছেন, “আমি বলতে পারবো না যে পোপ ও প্রেসিডেন্ট বুশ কী নিয়ে কথা বলবেন, তবে তারা যেহেতু অবশ্যই সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তাই আমার মনে হয় এবং আমি আশা করি যে তারা জলবায়ু পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। বিষয়টি নিঃসন্দেহে আলোচিত হওয়া দরকার।”

বুশ প্রশাসন কিয়োতো চুক্তিতে স্বাক্ষর না করায় বহুদিন ধরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়া, খরা, ও বন্যার জন্য দায়ি গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ কমানোর বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি যুক্তরাষ্ট্র।

কিয়োতো চুক্তিতে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং এটি একটি অসম চুক্তি-এ অজুহাত দেখিয়ে আগের ডেমোক্রেটিক সরকারের সময় স্বাক্ষরিত এ চুক্তি থেকে বেরিয়ে আসে বুশ প্রশাসন। চীন ও ভারতের মতো দ্রুত উন্নয়নশীল দেশগুলোকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে কোনো বাধ্যবাধকতা আরোপ না করায় এ চুক্তিকে অসম বলেও মন্তব্য করে তারা।

সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্য এক বার্তায় পোপ বলেন, “তিনি আশা প্রকাশ করেন, অধ্যয়নের মাধ্যমে এমন জীবন ধারণ এবং উৎপাদন ও ভোক্তা নীতিতে পৌঁছানো সম্ভব যেখানে মানুষ ঈশ্বরের সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাবে।”

যুক্তরাজ্যের পরিবেশমন্ত্রী ডেভিড মিলিবেন্ডও এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

ইচ্ছাকৃতভাবে পরিবেশ দূষণ করা পাপ কিনা এ প্রশ্নের জবাবে কার্ডিনাল মার্টিনো বলেন, “হ্যাঁ, কারণ সঠিকভাবে পরিবেশের ব্যবহার না করা শুধুমাত্র নিজেরই নয়, অন্যদেরও ক্ষতির কারণ হতে পারে।”

তিনি আরও বলেছেন, প্রত্যেক ধর্মের লোকদেরই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণ ও এ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসতে হবে।

মার্টিনো আরও বলেছেন, “আমাদেরকে প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে শুরু করতে হবে, যাতে শিশুরা পরিবেশের সঠিক ব্যবহার সম্বন্ধে শিক্ষা লাভ করে এবং তারা পৃথিবীর সমস্যাগুলো সম্পর্কে সচেতন হয়ে বেড়ে ওঠে। আমরা তাদের বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারি না। স্বভাবতই ধর্মীয় ক্লাসে অথবা যেকোনো ধর্মীয় গ্রুপই এটা করতে পারে।”