২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলফোভিচ ‘সঙ্কট’ নিয়ে বিশ্ব ব্যাংক কর্মকর্তাদের চিঠি

বিশ্ব ব্যাংক প্রধান পল উলফোভিচকে ঘিরে বর্তমান সঙ্কটের ফলে সংস্থাটির কাজকর্মে যে প্রভাব পড়ছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Apr 2007, 12:47 AM

Updated : 26 Apr 2022, 02:16 PM

উলফোভিচ এবং ব্যাংকের নির্বাহী পরিষদের কাছে বৃহস্পতিবার পাঠানো এক চিঠিতে তারা বলেছেন, এ সঙ্কটের ফলে বিভিন্ন দেশে বিশ্বাসযোগ্যভাবে দুর্নীতিবিরোধী কার্যক্রম চালাতে পারছেন না তারা।

বিশ্ব ব্যাংকের ৩২ জন কর্মকর্তা স্বাক্ষর করেছেন এ চিঠিটিতে। তবে চিঠিটির খসড়া প্রস্তুতকারী এক কর্মকর্তা জনিয়েছেন, ৫০ জনেরও বেশি কর্মকর্তার সমর্থন আছে এ উদ্যোগে।

বান্ধবী সাহা রিজাকে অনৈতিক সুবিধা দেওয়ার কেলেঙ্কারিতে উলফোভিচের ভূমিকার ফলে ব্যাংকের কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার বিষয়ে যে উদ্বেগের সৃষ্টি হয়েছিল, এ চিঠির ফলে তা আরও স্পষ্টভাবে সামনে চলে এল। বিশ্বজুড়ে ব্যাংকটির কর্মকাণ্ডে বিরূপ প্রভাব এড়াতে ব্যবস্থা নেওয়ার জন্য একটি হুঁশিয়ারি হিসেবেই দেখা হচ্ছে এ চিঠিকে।

চিঠিতে বলা হয়েছে, “সুশাসনের জন্য সরকারগুলোকে যে পরামর্শ দেওয়া হয়, নিজেরাই তা মেনে চলতে না পারায় অত্যন্ত যুক্তিসঙ্গত নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের।”

বিশ্বসযোগ্যতা হারানোর কারণে ব্যাংক প্রধানের পদ থেকে পদত্যাগের দাবিতে কর্মকর্তা-কর্মচারী পরিষদের আহ্বানের পর এবার এ চিঠি দিলেন শীর্ষ স্থানীয় কর্মকর্তারা।

জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স, নরওয়ে ও সুইটজারল্যান্ডসহ বিশ্ব ব্যাংকের বেশ কয়েকটি দেশ এর মধ্যেই প্রশ্ন তুলেছে, এতোকিছুর পরও বিশ্ব ব্যাংককে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা উলফোভিচের আছে কি না তা নিয়ে।