সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দিয়ে মার্কিন কংগ্রেসেও যুদ্ধব্যয় বিল পাস
বুশ প্রশাসনকে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করে দিয়ে প্রতিনিধি পরিষদের পর এবার মার্কিন কংগ্রেসও বৃহস্পতিবার যুদ্ধব্যয় সংক্রান্ত বিল অনুমোদন করেছে।
এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ ও সিনেট মিলে পুরো মার্কিন কংগ্রেস বুশ প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিল। প্রেসিডেন্ট জর্জ ডাবিব্লউ বুশের ভেটো ক্ষমতা প্রয়োগের হুমকি সত্ত্বেও কংগ্রেস ওই বিল অনুমোদন করে। বিলটিতে ২০০৭ সালের ১ অক্টোবর থেকে সেনা প্রত্যাহার শুরু করে ২০০৮ সালের ৩১ মার্চের মধ্যে সব সেনা প্রত্যাহারের শর্ত জুড়ে দিয়েছেন ডেমোক্রেট নেতারা।
ইরাক ও আফগানিস্তানের জন্য ১০ হাজার কোটি ডলারের জরুরি যুদ্ধ তহবিল বরাদ্দের অনুমোদন দেওয়া এ বিলটি ৫১-৪৬ ভোটে পাস হয় মার্কিন সিনেটে। কিন্তু আগামী ১১ মাসের মধ্যে সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেওয়া প্রসঙ্গে প্রেসিডেন্ট বুশ বরাবরই বলে আসছেন, তিনি ‘আত্মসমর্পণের’ কোনো তারিখ মেনে নেবেন না।
হোয়াইট হাউস মুখপাত্র ডানা পেরিনো বলেছেন, “আইনটির বিরুদ্ধে ভেটো দেবেন প্রেসিডেন্ট বুশ।” তিনি বলেন, “প্রেসিডেন্ট ইরাক যুদ্ধ জয়ে বদ্ধকরিপর। তারা এখন যে বিল পাঠিয়েছেন তা একটি পরাজয়ের অভিযান।”
এর আগে বুধবার ডেমোক্রেট দলের নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদে সামান্য ব্যবধানে বিলটি অনুমোদিত হয়। এর পক্ষে-বিপক্ষে ভোট পড়ে যথাক্রমে ২১৮ ও ২০৮। কিন্তু প্রেসিডেন্টের ভেটো ক্ষমতাকে হারিয়ে দেওয়ার মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা অর্জনে ডেমোক্রেটরা ব্যর্থ হবেন বলেই মনে করা হচ্ছে। কেননা, প্রতিনিধি পরিষদ ও সিনেট-দুটোতেই মূলত দলীয় বিবেচনার ভিত্তিতেই ভোট দিয়েছেন সদস্যরা।
প্রতিনিধি পরিষদের প্রস্তাবিত যুদ্ধব্যয় সংক্রান্ত বিলের নতুন এ সংস্করণ প্রথমটির মতো কঠোর নয়। বরং এতে ডেমোক্রেটরা তুলনামূলক নমনীয় অবস্থান নিয়েছেন। প্রথম বিলে ২০০৮ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছিল। নতুন বিলে ২০০৮ সালের ৩১ মার্চের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে, তবে এর সঙ্গে কোনো ধরনের বাধ্যবাধকতার শর্ত জুড়ে দেওয়া হয়নি।
বিলটি এখন প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে অনুমোদনের জন্য। তবে বুশ আগেই বলেছেন, ওই বিলে সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দিলে তিনি তাতে ভেটো দেবেন। বুশ তার সিদ্ধান্তে অটল থাকলে এটা হবে ছয় বছরের মধ্যে তার দ্বিতীয়বার ভেটো ক্ষমতা প্রয়োগ।
ইরাকে মার্কিন কমান্ডাররা বুধবার ওয়াশিংটনের ক্যাপিটল হিলে এসে মার্কিন আইনপ্রণেতাদের যুদ্ধের বর্তমান অবস্থা সম্পর্কে সম্যক ধারণা দেন। হোয়াইট হাউজের ধারণা ছিল এতে ডেমোক্রেটরা নমনীয় হবেন। কিন্তু তাদের ধারণা পাল্টে দিয়ে এর কয়েক ঘণ্টা পরই প্রতিনিধি পরিষদে বিলটি অনুমোদিত হয়।
এ প্রসঙ্গে উইসকনসিনের ডেমোক্রেট সিনেটর ও হাউজ অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির চেয়ারম্যান ডেভিড ওবে বলেন, বিলটি প্রেসিডেন্ট বুশকে ইরাকের গৃহযুদ্ধ থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেবে। এ ধরনের সুযোগ আগে তিনি কখনই পাননি।”
কমিটিতে ওবের রিপাবলিকান প্রতিপক্ষ ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান জেরি লিউইস অবশ্য বলেছেন, বিলটির মাধ্যমে কংগ্রেস প্রস্তুতি নিচ্ছে ইরাকে তার শত্রুদের প্রতি আত্মসমর্পণের একটি বার্তা পাঠানোর।
এর আগে বুশ হোয়াইট হাউজে তার ভেটো ক্ষমতার হুমকির দিয়ে বলেন, “আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে জেনারেলরা কীভাবে তাদের কাজ করবে সে বিষয়ে তাদেরকে জ্ঞান দেওয়া উচিত হবে না ওয়াশিংটনের ওইসব রাজনীতিবিদদের।”
একইসঙ্গে বুশ বলেন, “আমি বিশ্বাস করি প্রত্যাহারের কৃত্রিম সময়সীমা বেঁধে দেওয়া একটি ভুল পদক্ষেপ হতে পারে।”
এদিকে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নেভাদার ডেমোক্রেট হ্যারি রিড সোমবার বুশকে অভিযুক্ত করেছেন যোগাযোগহীন হয়ে পড়ার। গত সপ্তাহে রিড বলেছিলেন, ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘পরাজিত’ হয়েছে।
